আজ মতলব ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ভিডিও কনফারেন্সের মাধ্যমে

মাহফুজ মল্লিক :
মতলব দক্ষিণ উপজেলাবাসীর দীর্ঘ প্রতীক্ষিত ফায়ার সার্ভিস স্টেশনটি আজ ১ নভেম্বর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের ২৬টি নতুন ফায়ার সার্ভিস স্টেশন একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় গণভবন থেকে উদ্বোধন করা হবে।
চাঁদপুর জেলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মোবারক আলী বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো জানান, ডিসেম্বর মাসের মধ্যেই জনবল দেয়া হবে। ইতোপূর্বে মতলব ফায়ার সার্ভিস স্টেশনের সব মালামাল এসে পৌঁছেছে। জনবল দেয়ার পর মতলব ফায়ার সার্ভিস স্টেশনের কার্যক্রম চালু হবে। এটি চালু হলে এ উপজেলার পাঁচ লক্ষাধিক মানুষ সুবিধা ভোগ করবে।
জানা গেছে, ২ কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ফায়ার সার্ভিস স্টেশনটি। মতলব পৌরসভার ভাঙ্গারপাড় মৌজার দগরপুর এলাকায় ৩৩ একর জমির ওপর চাঁদপুর গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে ২০১৪ সালে ফায়ার সার্ভিস স্টেশনের নির্মাণ কাজ শুরু হয়। জমির অধিগ্রহণসহ স্টেশনের নির্মাণ কাজ সম্পন্ন পর্যন্ত প্রকল্পের ব্যয় হয় ২ কোটি ৬৯ লাখ ৯১ হাজার টাকা। দরপত্র অনুযায়ী ২০১৫ সালের ১৭ ফেব্রুয়ারিতে নির্মাণ কাজ সমাপ্তি হওয়ার কথা থাকলেও জমি অধিগ্রহণের জন্য প্রায় সোয়া বছর পিছিয়ে যায়।
ঠিকাদারী প্রতিষ্ঠান মতলবগঞ্জ ট্রেডার্সের স্বত্বাধিকারী মমিন বলেন, স্থানীয় সংসদ সদস্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম ২০১৪ সালে নির্মাণ কাজের ফলক উন্মোচন করেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ২০১২ সালে ফায়ার সার্ভিস স্টেশনের বরাদ্দ নির্ধারণ ও জমি অধিগ্রহণ করেছিলেন সাবেক সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) এম রফিকুল ইসলাম।