আজ মনোনয়নপত্র উত্তোলনের শেষ দিন

চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির নির্বাচন

স্টাফ রিপোর্টার
চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির (রেজি. নং-০৫/চাঁদ/১৯৭৬) নির্বাচন আগামি ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সংগঠনটির আগামি ৩ বছরের মেয়াদকালের জন্য নির্বাচিত পরিষদ গঠন করার লক্ষ্যে ইতোমধ্যে বিদায়ী কার্যকরী পরিষদ মো. রফিকুল ইসলাম ভূঁইয়াকে আহ্বায়ক করে সংগঠনের নির্বাচনকালীন কার্যক্রম করার লক্ষ্যে কমিটি গঠন করে তাদের দায়িত্ব হস্তান্তর করে।
গঠিত আহ্বায়ক কমিটি সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সংগঠনের সভা করে নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন গঠন করে। এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মো. মোতালেব খান। নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন একই অফিসে কর্মকর্তা আলমগীর হোসেন ও ব্যবসায়ী জালাল উদ্দীন বাবুল জমাদার।
গঠিত নির্বাচন কমিশন সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষসহ ৫টি এবং পরিচালক পদে ৭টিসহ মোট ১২টি পদের জন্য নির্বাচনী তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী ২০২১ সালের ২৫ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৮৭ জন।
ঘোষিত তফসিল অনুযায়ী আজ বুধবার বিকেল ৩টা পর্যন্ত মনোনয়ন পত্র উত্তোলনের শেষ সময় ও আগামিকাল বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। আগামি ২৬ ডিসেম্বর দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং একইদিন দুপুর ২টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। আগামি ২৭ থেকে ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র বৈধতা ও বাতিলের বিষয়ে আপিল গ্রহণ করবে নির্বাচন কমিশন। এ আপিল গ্রহণ করা হবে জেলা সমবায় কার্যালয়ে অফিস সময় চলাকালীন। ৩০ ও ৩১ ডিসেম্বর একই অফিসে অফিস চলাকালীন সময়ে আপিলের উপর শুনানি অনুষ্ঠিত হবে। আগামি ২ জানুয়ারি সকাল ১১টায় সংগঠনের কার্যালয়ে বৈধ প্রাথীদের তালিকা প্রকাশ করা হবে। ৭ জানুয়ারি দুপুর ১২টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। একই দিন বিকেল ৩ টায় চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ। ৮ জানুয়ারি সকাল ১০টা থেকে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ২৫ জানুয়ারি সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ।
গতকাল মঙ্গলবার পযন্ত ১২টি পদের বিপরীতে ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেন। এরা হচ্ছেন- সভাপতি পদে আলহাজ মো. মিজানুর রহমান কালু ভূঁইয়া, আ. বারী জমাদার মানিক, সহ-সভাপতি মো. মুনসুর কুড়ালী ও মো. বাদশা মাল, সাধারণ সম্পাদক মো. শবেবরাত ও হাজি মো. আনোয়ার হোসেন গাজী, সহ-সাধারণ সম্পাদক পদে শাহজালাল বেপারী ও সোহেল গাজী, কোষাধ্যক্ষ মো. মাইনুদ্দিন বেপারী, পরিচালক পদে সানাউল্লাহ মিজি, ইয়াকুব খান, মো. আ. খালেক বেপারী, মো. রুহুল আমিন গাজী, মো. ওমর ফারুক চোকদার, মো. সুমন খান, মো. মাসুম মিয়া মাসুদ, মো. দাদন বেপারী, মো. সিদ্দিকুর রহমান, শ্রীকৃষ্ণ চন্দ্র দে।
উল্লেখ্য, চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতি নির্বাচনে নির্বাচিত পরিষদের মেয়াদকাল হবে ৩ বছর।
২৩ ডিসেম্বর, ২০২০।