আমেরিকা প্রবাসী চাঁদপুরের ওসমান গনির মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে

স্টাফ রিপোর্টার
করোনায় আক্রান্ত হয়ে আমেরিকা প্রবাসী চাঁদপুর শহরের কাঁচা কলোনী ওসমান গনির মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি …….রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর। ২০০৯ সালে তিনি আমেরিকা যাওয়ার আগ পর্যন্ত চাঁদপুর শহরের উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
ওসমান গনি গত ১৪ জানুয়ারি করোনার আক্রান্ত হয়ে আমেরিকার পেনসিলভানিয়ার একটি হাসপাতালে ভর্তি ছিলেন। প্রায় একমাস আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় রাত নয়টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার বাসিন্দা হলেও পিতার কর্মস্থল সূত্রে ওসমান গনির জন্ম এবং বেড়ে উঠা ছিল চাঁদপুর শহরের কাঁচা কলোনীতে। তার পিতা মরহুম সেকান্দার আলী মাস্টারও ছিল উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তার ভাই মো. ওমর ফারুক বর্তমানে শহরের কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
মৃত্যুকালে তিনি এক মেয়ে, স্ত্রী, মা ভাইবোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। ওসমান গনির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
১৪ ফেব্রুয়ারি, ২০২১।