আর্তমানবতার সেবায় যুব রেড ক্রিসেন্ট সদস্যদের সর্বদা প্রস্তুত থাকতে হব : আলহাজ ওচমান গনি পাটওয়ারী

স্টাফ রিপোর্র্টার
চাঁদপুর জেলা পরিষদ ও চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী বলেছেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির অত্যন্ত গুরুত্বপূর্ণ সংগঠন যুব রেড ক্রিসেন্ট। বর্তমান সময়ে যুব রেড ক্রিসেন্ট সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী। কারিগরি ও প্রযুক্তিগত দিক দিয়ে যুব রেড ক্রিসেন্টকে আরো দক্ষ করে তুলতে আমরা কাজ করে যাচ্ছি। এজন্য চাঁদপুর ইউনিটকে আমি ব্যক্তিগতভাবে কম্পিউটার প্রদান করেছি। জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে যুব রেড ক্রিসেন্টের কার্যক্রম সক্রিয় করতে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে। আর্তমানবতার সেবার জন্য যুব রেড ক্রিসেন্ট সদস্যদের সর্বদা প্রস্তুত থাকতে হবে। তিনি গত বৃহস্পতিবার সকালে চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটে যুব রেড ক্রিসেন্টের মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটের নবনিযুক্ত ইউনিট অফিসার সৈয়দ আফ্রিদুল ইসলামের সভাপতিত্বে ও যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান খায়রুল আলম জনির পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন উপ-যুব প্রধান মারজাহান আক্তার ও তানজিল পাটওয়ারী।
এ সময় যুব রেড ক্রিসেন্ট সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবনিযুক্ত ইউনিট অফিসারকে ফুলেল শুভেচ্ছা জানান ইউনিট চেয়ারম্যান ও যুব রেড ক্রিসেন্টের সদস্যবৃন্দ।