স্টাফ রিপোর্টার
বেআইনি জনতাবদ্ধে দেশীয় অস্ত্র-সস্ত্রসহ সরকারি কর্তব্য পালনে বাধা প্রদান ও আক্রমণ করে অসাধারণ জখম করার অপরাধে হানারচর ইউপি সদস্য বাশার দর্জিসহ ৩০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৪০ জনসহ ৭০ জনের জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেলে চাঁদপুর হরিণা ঘাট নৌ-পুলিশ ফাঁড়ির এসআই বাবুল বালা চাঁদপুর সদর মডেল থানায় মামলাটি (নং-৬০) দায়ের করেন। এ ঘটনায় বাবুল বালা, সৈয়দ ফারুকুল ইসলাম, জোবায়ের হোসেন, মিজানুর রহমান ও কামাল উদ্দিনসহ চাঁদপুর হরিণা ঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ৫ জন আহত হয়। এ ঘটনায় চারটি বাঁশের টুকরা ও দশটি পোড়ামাটির চাকি জব্দ করে পুলিশ।
জানা যায়, মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালীন সময়ে কয়েকজন লোক মেঘনা নদীর পশ্চিম দিক থেকে ইঞ্জিন চালিত স্টীলের ট্রলার দিয়া ইলিশ মাছ নিয়া বহরিয়ার দিকে যাচ্ছিলো। দুপুর সোয়া ২টার সময় হরিণাঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমানের নেতৃত্বে স্পীডবোট যোগে ট্রলারটির পিছু নেয়া হয়। আমাদের উপস্থিতি টের ট্রলারে থাকা ১ বস্তা ইলিশ মাছ নদীতে ফেলে দিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার চেষ্টা করে সোলেমান দর্জি (৪০) ও শফিক হাওলাদর (৩২)। পরে তাদেরকে আটক করে হরিনা পুলিশ ফাঁড়িতে নিয়ে আসার সময় হরিণাঘাট শাহীনের চায়ের দোকানের সামনে আসামীরাসহ অজ্ঞাতনামা ৩০/৪০ জন লোক আটকদের ছিনিয়ে নেওয়ার চেয়া করে এবং পুলিশের উপর অতর্কিতভাবে পোড়া মাটির চাকি, বাঁশ, লাঠি, বৈঠাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। এতে বেশ কিছু পুলিশ আহত হয়। এসময় জানমাল রক্ষার্থে ১ রাউন্ড রাবার কার্তুজ ফাঁকা ফায়ার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে মো. সোহাগ খাঁন (২৪) কে আটক করে।
১৯ অক্টোবর, ২০২২।
