ইকরাম চৌধুরী চিকিৎসা সহায়তা তহবিলে আরো আড়াই লক্ষাধিক টাকার অনুদান

স্টাফ রিপোর্টার
দু’টি কিডনী অকেজোসহ নানা জটিল ব্যাধিতে আক্রান্ত, শয্যাশায়ী চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকরাম চৌধুরীর সুচিকিৎসার জন্যে গঠিত অর্থ সহায়তা তহবিলে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুদান প্রদান অব্যাহত রয়েছে।
গতকাল বুধবার পাঁচটি প্রতিষ্ঠান ও একজন ব্যক্তি ২ লাখ ৫৬ হাজার টাকার অনুদান প্রদান করেন। প্রতিষ্ঠানগুলো হলো- চাঁদপুর জেলা পরিষদ, পুরাণবাজার ডিগ্রি কলেজ, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়, ফরিদগঞ্জ প্রেসক্লাব ফ্যাসিলিটিজ বিভাগ ও ইতালি প্রবাসী সাংবাদিক এসটি শাহাদাত।
বুধবার (১৭ জুন) বেলা ৩টায় চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওচমান গণি পাটওয়ারী ‘সাংবাদিক ইকরাম চৌধুরীর চিকিৎসা সহায়তা তহবিল’ নামে গঠিত কমিটির আহ্বায়ক অধ্যক্ষ জালাল চৌধুরীর হাতে ৫০ হাজার টাকার একটি চেক তুলে দেন। এ সহায়তার জন্যে গঠিত কমিটির সব সদস্যসহ চাঁদপুরের সব পর্যায়ের সাংবাদিক জেলা পরিষদের চেয়ারম্যানসহ সব কর্মকর্তা-কর্মচারীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
এর আগে সকালে পুরাণবাজার কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, শিক্ষক পরিষদের সম্পাদক মো. সাইফুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি হাবিবুর রহমান পাটওয়ারী ও প্রভাষক মোতাহার হোসেন খান, সাংবাদিক ইকবাল হোসেন পাটওয়ারী ও এএইচএম আহসান উল্লাহর হাতে নগদ ৩০ হাজার টাকা তুলে দেন। এরপর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেনসহ শিক্ষকরা ২৬ হাজার টাকা, ইতালি প্রবাসী সাংবাদিক এসটি শাহাদাতের পক্ষে প্রেসক্লাবের সহ-সভাপতি রহিম বাদশা ১ লাখ টাকা এবং ফরিদগঞ্জ প্রেসক্লাবের বর্তমান সভাপতি কামরুজ্জামান, সম্পাদক আ. ছোবহান লিটন, সদ্যসাবেক সভাপতি নুরুন্নবী নোমান ও সদ্যসাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী প্রেসক্লাবে এসে ৩০ হাজার টাকা এবং ফ্যাসিলিটিজ বিভাগ থেকে ১০ হাজার টাকার অনুদান দেয়া হয়।

১৭ জুন, ২০২০।