মতলব দক্ষিণে করোনায় আরো ৬ জন আক্রান্ত, দু’ভবন লকডাউন

মাহফুজ মল্লিক
মতলব দক্ষিণ উপজেলায় নতুন করে আরো ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে নারায়ণপুর বাজার এলাকায় ৩ জন এবং মতলব দক্ষিণ উপজেলা সদরে ৩ জন। এ নিয়ে উপজেলায় ৫৬ জন করোনা রোগী শনাক্ত হলো। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, আইসিডিআর,বি সংলগ্ন ১নং ব্রিজ লাগোয়া ভবনের ভাড়াটিয়া ৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর আগে ঐ ভবনের এক বাসিন্দা তার পরিবারের অপর ৫ সদস্যসহ আক্রান্ত ছিলেন। তিনি আইসিডিডিআর,বিতে কর্মরত। এছাড়া নারায়ণপুর আধুনিক হাসপাতালের ভবন মালিক স্বপরিবারে (৩ জন) আক্রান্ত হয়েছেন। ফলে প্রশাসন ওই হাসপাতাল ভবনটি লকডাউন করে দেয়। এ সময় খাদেরগাঁও ইউপি চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর হোসেন রিপন মীর উপস্থিত ছিলেন।
এদিকে মতলব স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, বুধবার কোনো রিপোর্ট আসেনি। সূত্রটি আরো জানায়, এখনো কিছু নমুনা পরীক্ষার ফলাফল অপেক্ষামান রয়েছে। দেরিতে এ উপজেলায় করোনার সংক্রমণ শুরু হলেও বর্তমানে এর দ্রুত প্রাদুর্ভাবে জনগণ আতঙ্কে আছে। দিন-দিন আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। করোনার রেড জোনের তালিকায়ও রয়েছে এ উপজেলাটি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম কাওছার হিমেল বলেন, নতুন করে আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে। তারা নিজেদের বাড়িতে চিকিৎসাধীন আছে।

১৭ জুন, ২০২০।