
স্টাফ রিপোর্টার :
ইসলামিক ফাউন্ডেশন (ইফা) চাঁদপুরের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে ৩ দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়েছে। এর মধ্য গত মঙ্গলবার (১ম দিন) বাদ আছর চাঁদপুর ডিসি অফিস সংলগ্ন চেয়ারম্যান ঘাটা বায়তুল আমান জামে মসজিদে এ দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দিবসের তাৎপর্য নিয়ে প্রধান অতিথির বক্তব্যে রাখেন মসজিদের খতিব আলহাজ মাও. মো. সাইফুদ্দিন খন্দকার।
গত বুধবার (২য় দিন) ইফার কার্যালয়ে দিনব্যাপী ইসলামী সাংকৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ আবু নঈম পাটওয়ারী দুলাল।
তিনি তাঁর বক্তব্যে বলেন, নবীর জন্ম আলোচনায় মমিনরা শান্তি পায়। পৃথিবীর সব মানুষের জন্য সর্বদিকের মডেল প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সা.)। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দ্যোশে গণমাধ্যমে এ দিবসের উছিলা করে শান্তি কামনায় বাণী দিয়েছেন। তিনি আরো বলেন, আওয়ামী লীগ শিক্ষাবান্ধব সরকার। ২০১৮ শিক্ষাবর্ষে চাঁদপুরে দারুল আরকাম এবতেদায়ী মাদ্রাসার কার্যক্রম শুরু হচ্ছে। সারাদেশের ন্যায় এ জেলায়ও ১৬টি মাদ্রাসায় পাঠদান শুরু হবে। এতে শিক্ষার্থীদের বিনামূল্যে বইসহ শিক্ষা উপকরণ দেয়া হবে। এতে তৃণমূল থেকে ইসলামী শিক্ষার প্রসার ঘটবে।
কর্মসূচির (৩য় দিন) সমাপনী দিনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়েশা আক্তার। প্রবন্ধ পাঠ করেন চাঁদপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. গিয়াসউদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুসলিম বয়েজ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাওঃ মো. আল আমিন।
৩ দিনব্যাপী কর্মসূচিতে সভাপতিত্ব করেন ইফার উপ-পরিচালক মো. আবদুল কুদ্দুছ। ফিল্ড অফিসার মো. বিল্লাল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রশিক্ষণপ্রাপ্ত জাতীয় ইমাম সমিতি চাঁদপুরের যুগ্ম সম্পাদক ও আল হেলাল জামে মসজিদের খতিব মাও. মুহাম্মদ আবদুর রহমান গাজী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইফার ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ সামছুদ্দিন, আলহাজ মো. জাহাঙ্গীর মৃধা, অ্যাড. আব্দুল জলিলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে উপস্থিত সবার মাঝে তবাররুক বিতরণ করা হয়।
