ইলশেপাড় চাঁদপুরের মাটি ও মানুষের কথা বলে
স্টাফ রিপোর্টার
চাঁদপুরের সিকি কোটি মানুষের মুখপত্র দৈনিক ইলশেপাড়ের ১৭তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। সোমবার (৬ জুন) বিকাল ৫টায় পত্রিকা কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক হাজি হযরত আলী বেপারীর সভাপতিত্বে ও প্রধান সম্পাদক মাহবুবুর রহমান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক কাদের পলাশ। বক্তব্য রাখেন সহকারী সম্পাদক পীরজাদা মাও. মাহফুজ উল্ল্যাহ খান, সহ-সম্পাদক মনির হোসেন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা দৈনিক ইলশেপাড়ের আগামির পথ চলার শুভ কামনাসহ এ জেলার মাটি ও মানুষের কথা বলবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বক্তারা বলেন, পত্রিকাটি ২০০৬ সালের এই দিনে জেলাবাসীর মুখপত্র হিসেবে পাঠকমহলে আগমন করে। শুরু থেকেই জেলার সর্বমহলে পত্রিকাটি আলোচিত হয়ে আসছে তার লিখনির মাধ্যমে। জেলার ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে পত্রিকাটি আগামিতে আরো ভালো করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আক্কাছ আলী রেলওয়ে একাডেমির প্রধান শিক্ষক মো. গোফরান হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক মনির হোসেন গাজী, পত্রিকার স্টাফ রিপোর্টার সজীব খান, ডিকে সোলাইমান, বিধান দাস, ফরিদগঞ্জ ব্যুরো ইনচার্জ নবী নোমান, হাজীগঞ্জ ব্যুরো ইনচার্জ মোহাম্মদ হাবীব উল্যাহ্, শাহরাস্তি ব্যুরো ইনচার্জ নোমান হোসেন আখন্দ, ফরিদগঞ্জ প্রতিনিধি মনির হোসেন, রুহুল আমিন খান স্বপন, শাহরাস্তি প্রতিনিধি আবু মূসা আল সিহাব, চাঁদপুর সদর উপজেলা প্রতিনিধি আল-আমিন ছৈয়াল।
অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন সহকারী সম্পাদক পীরজাদা মাও. মাহফুজ উল্ল্যাহ খান।
০৭ জুন, ২০২২।
