নিঃস্ব ৪ পরিবার, ১৫ লাখ টাকার ক্ষতি
মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটের ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর ও রান্না ঘরসহ ৬টি ঘর ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি। গত রোববার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের মধ্য বড়কুল তোরাব আলী বেপারী বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা হলেন- ওই বাড়ির কুয়েত প্রবাসী মো. সুমন, ওমান প্রবাসী আব্দুল হানিফ, টাইলস্ মিস্ত্রী মো. আরিফ হোসেন ও কৃষক মোহাম্মদ মিয়া। এ দিন রাতে কুয়েত প্রবাসী সুমনের বসতঘরে বৈদ্যুতিক শর্টসার্কিটের এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে ৪টি বসতঘর ও ৩টি রান্নাঘর পুড়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট। হাজীগঞ্জ থানা পুলিশ, স্থানীয় ও এলাকাবাসীর সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা। কিন্তু ততক্ষণে ৪টি বসতঘর, ৩টি রান্নাঘর, ঘরে থাকা আসবাবপত্র, তৈজশপত্র, স্বর্ণালংকার, পোশাক, প্রয়োজনীয় কাগজপত্র ও নগদ টাকাসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
এসময় কান্নাজড়িত কণ্ঠে টাইলস্ মিস্ত্রী আরিফ জানান, চোখের সামনেই আগুনে আমার জীবনের সব উপার্জন কেড়ে নিয়েছে। কিছুই রক্ষা করতে পারিনি। শুধু পরিবারের লোকজন কোনমতে জীবন নিয়ে ঘর থেকে বেরিয়ে আসছে। ৫ লাখ টাকা লোন নিয়ে ঘরটি করেছি। আগুনে আমার সবকিছু শেষ হয়ে গেছে।
অপর ক্ষতিগ্রস্ত মো. সুমন, হানিফ ও আরিফের মা, স্ত্রী ও সন্তানরা মিলে ১৩ সদস্যের পরিবার। তাদের দুপুরে একবেলা খাবার, গোসল করে পড়ার মতো কোন বস্ত্রও (পোশাক) তাদের নেই।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সাজেদুল কবির জোয়ারদার জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সোমবার (৬ জুন) সকালে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌ. জাকির হোসেন ও ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান। এসময় ক্ষতিগ্রস্তদের প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সহযোগিতায় এগিয়ে আসার জন্য স্থানীয় নেতাকর্মীদের নির্দেশ প্রদান করেন। তাৎক্ষণিক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান রনি ক্ষতিগ্রস্ত পরিবারকে ১০ হাজার টাকা প্রদান করেন।
০৭ জুন, ২০২২।
