ইলিশ শিকারে নামতে প্রস্তুতি নিচ্ছেন জেলেরা

স্টাফ রিপোর্টার
নিরাপদে ইলিশের প্রজনন রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ সোমবার (২৫ অক্টোবর) মধ্যরাত থেকে নদী ও সাগরে ইলিশ শিকারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। গত ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দেশব্যাপী ইলিশ আহরণ, বিপণন, ক্রয়-বিক্রয়, পরিবহন, মজুত ও বিনিময় নিষিদ্ধ করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। আজ শেষ হচ্ছে সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা।
বিরতি শেষে আবারও নদীতে ইলিশ ধরতে মুখিয়ে রয়েছেন জেলেরা। চাঁদপুরের অর্ধ লক্ষাধিক জেলে ইলিশ মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। ইতোমধ্যে নদীতে মাছ ধরার প্রস্তুতি নিতে জেলেরা তাদের নৌকা মেরামতের পাশাপাশি পুরনো জাল সেলাই করছেন। সময় হলেই নেমে পড়বেন রুপালী ইলিশের সন্ধানে।
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান জানান, মা ইলিশ রক্ষা কার্যক্রমকে সফল করতে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, কোস্টগার্ড, নৌবাহিনী, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ অনেক সহযোগিতা করেছেন। বিগত বছরের মতো এবছরও চাঁদপুরে মা ইলিশ রক্ষা কার্যক্রম অত্যন্ত সফল হয়েছে। আমরা দিন-রাত নদীতে টহল দিয়ে মা ইলিশকে ডিম ছাড়ার সুযোগ করে দেওয়ার চেষ্টা করেছি। ইলিশের বাড়ির অভায়াশ্রম আমরা সংরক্ষণ করার চেষ্টা করেছি।
মৎস্য কর্মকর্তা বলেন, অভিযানের কারণে এবার ইলিশ প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে এবং আমরা কম দামে জনগণের কাছে ইলিশ পৌঁছে দিতে পারব। ইলিশ সম্পদ বৃদ্ধির লক্ষ্যে সামনের জাটকা রক্ষা আরো জোরদার করা হবে। যারা প্রকৃত জেলে, তারা আমাদের সহযোগিতা করেছে। কিছু অসাধু জেলে নদীতে মাছ ধরেছে, আমরা তাদের বিষয়ে কঠোর অবস্থানে নেমেছি। আমরা যেভাবে প্রচার-প্রচারণা করেছি, প্রকৃত জেলেরা উদ্বুদ্ধ হয়েছে। যার কারণে তারা নদীতে নামেনি। আশা করি, জেলেরা নদীতে নেমে ইলিশ পাবে।

২৫ অক্টোবর, ২০২১।