উত্তর শ্রীরামদী সপ্রাবি ও শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি


স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরে বড় স্টেশন এলাকার মাদ্রাসা রোডে অবস্থিত উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার গভীর রাতে চোরের দল উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জানালার গ্রীল কেটে বিদ্যালয়ের অফিস কক্ষে প্রবেশ করে স্টীলের আলমারি, ফাইল কেবিনেটসহ বিভিন্ন আসবাবপত্র ব্যাপক ভাংচুর করে এবং প্রয়োজনীয় কাগজপত্র ছিড়ে ফেলে।
একই সাথে পার্শ্ববর্তী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের গেট এবং অফিস কক্ষের দরজার তালা ভেঙ্গে প্রবেশ করে। শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় থেকে বিদ্যালয়ের নিজস্ব মোবাইল ফোন (০১৬৩১৭৯৬৪৭৪) ও নগদ ৬ হাজার টাকা নিয়ে যায়। প্রয়োজনীয় কাগজপত্র ছিড়ে ফেলে।
এ ঘটনা শোনার পর গতকাল শনিবার চাঁদপুর মডেল থানার ওসি মো. নাসিম উদ্দিন ও পরিদর্শক (তদন্ত) মো. হারুনুর রশিদ বিদ্যালয়ে সরজমিনে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রদান করেন।
এ সময় উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান সিদ্দিকী এবং শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাত হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইতোপূর্বেও শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে বেশ ক’বার চুরির ঘটনা ঘটেছে। ২০১৯ সালেও গ্রীল ভেঙ্গে চোরের দল চুরি করে। এ ব্যাপারে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোন ব্যবস্থা নিতে পারেনি বলে জানা গেছে।