খালেদা জিয়া কারো অনুকম্পায় চলেন না
……….শেখ ফারিদ আহমেদ মানিক

শাহ আলম খান
চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, আমরা আজ একত্রিত হয়েছি আমাদের মা, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে। আপনারা দেখেছেন সরকার খালেদা জিয়ার জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। তিনি কারো অনুকম্পায় চলেন না। বেগম খালেদা জিয়ার মুক্তি তার নিজস্ব ও সাংবিধানিক অধিকার। মিথ্যা মামলা দিয়ে আপনারা কতদিন খালেদা জিয়াকে আটকে রাখতে পারবেন। আপনারা যতই বাকশাল কায়েম করুন। বাংলাদেশের ৮০% মানুষ আপনাদের বিরুদ্ধে। এই জবাব আমরা ২৯ মার্চ ধানের শীষকে জয়লাভ করে দেখাবো।
গতকাল শনিবার সকাল ১১টায় চাঁপুর জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির আয়োজনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সারাদেশে আমাদের নেতা-কর্মীদের উপর পুলিশ টর্চার করছে। আপনারা দেশের মানুষের ট্যাক্সের টাকায় বেতন পান। তারপরও আপনারা শেখ হাসিনার কথার বাইরে কিছুই করেন না। আপনারা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করেন। আপনাদেরও কোন মা জন্ম দিয়েছেন। আপনাদের মা যদি এমন ৭০-৭৫ বয়সে কারাগারে থাকতেন, যত অন্যায়ই করা হোক, জেলে আটকে রাখতে পারতেন কিনা? মানুষের আইনের আশ্রয়কে ফিরিয়ে দিতে আমরা মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিতে চাই।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুনির চৌধুরীর পরিচালনায় আরো বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য মো. সফিকুর রহমান ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. সেলিম উল্যাহ সেলিম, যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আনোয়ার বাবল, সাবেক সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, যুগ্ম আহ্বায়ক সেলিমুস্ ছালাম, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সদর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর খান, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামছুল ইসলাম মন্টু, জেলা ছাত্রদলের সভাপতি এইচএম ইমাম গাজী, সহ-সভাপতি আবু হানিফ কাকন প্রমুখ।
সমাবেশ শেষে জেলা বিএনপি অফিস থেকে একটি বিক্ষোভ মিছিল জেএম সেনগুপ্ত রোড হযে মুনিরা ভবনে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
