উপজেলা ও পৌর যুবদলের ফুলেল শুভেচ্ছা প্রদানকালে

হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থীকে জেতাতে হবে
………ইঞ্জি. মমিনুল হক

মোহাম্মদ হাবীব উল্যাহ্
চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জি. মমিনুল হককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন হাজীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ। কেন্দ্রীয় নির্বাহী কমিটি কর্তৃক উপজেলা ও পৌর যুবদলের ঘোষিত প্রেস বিজ্ঞপ্তির মধ্যে উল্লেখিত নেতৃবৃন্দ এই শুভেচ্ছা জানান।
উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করায় শনিবার (২ জানুয়ারি) দুপুরে নবগঠিত উপজেলা যুবদলের আহ্বায়ক আকতার হোসেন দুলালের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সুমনের পরিচালনায় যুবদল নেতৃবৃন্দ ইউনিয়ন ও পৌরসভার নেতৃবৃন্দকে সাথে নিয়ে ইঞ্জি. মমিনুল হককে এই ফুলেল শুভেচ্ছা জানান। কমিটির অন্য সদস্যরা হলেন উপজেলা যুবদলের সদস্য সচিব কাজী মো. জসিম, পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান সেলিম ও সদস্য সচিব বিল্লাল হোসেন পাটওয়ারী।
শুভেচ্ছা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জি. মমিনুল হক বলেন, দলীয় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে হাজীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিব এবং পৌর যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিবের নাম জানতে পারলাম। এখনো আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ কমিটির তালিকা পাইনি। কে বা কারা কমিটিতে রয়েছেন, তা আমি জানি না। অথচ অনেকে ফেসবুকে উল্টা-পাল্টা স্ট্যাটাস দিচ্ছেন।
আমার ব্যক্তিগত পছন্দ নেই উল্লেখ করে তিনি বলেন, পূর্ণাঙ্গ কমিটি প্রকাশিত হোক, দেখি কে বা কারা রয়েছেন। যারা কমিটিতে নেই, তাদের ভবিষ্যতে মূল্যায়ন করা হবে। তাই বলে নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে ফেসবুকে পক্ষে-বিপক্ষে লিখবেন না। প্রতিবাদ থাকবে, তা হতে হবে ভদ্র ও মার্জিত। দলীয় শৃঙ্খলা এবং চেইন অব কমান্ড মেনে চলবেন, আপনারা মূল্যায়িত হবেন। এখানে জোরপূর্বক বা টাকা খরচ করে নেতা হওয়া যাবে না।
আসন্ন হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীকের প্রার্থীকে জেতাতে হবে উল্লেখ করে ইঞ্জি মমিনুল হক বলেন, চাঁদপুরে নির্বাচন হয়েছে আমাদের নেতাকর্মীরা ভোটগ্রহণের দিন কেন্দ্রে ছিলো না। এখন আপনারা যদি কেন্দ্রে না থাকেন, তাহলে আমাদের প্রার্থী জিতবে কি করে। হাজীগঞ্জে যেন এমন না হয়। নির্বাচন ভালোভাবে করতে হবে এবং মাঠে থেকে আমাদের প্রার্থীকে জেতাতে হবে।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ ইমাম হোসেন, সহ-সভাপতি মনিরুজ্জামান মনির ও সাধারণ সম্পাদক এম.এ রহিম পাটওয়ারী, পৌর বিএনপির সভাপতি নাজমুল আলম চৌধুরী ও সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন মজুমদার প্রমুখ।
উপস্থিত ছিলেন পৌর বিএনপির শ্রম-বিষয়ক সম্পাদক আজাদ কাশারী, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহিন মজুমদার, পৌর শ্রমিক দলের সভাপতি রাশেদ আলম হীরা, সাধারণ সম্পাদক সোহেল রানা সোহেলসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ১ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক) কামরুজ্জামান দুলালের স্বাক্ষরিত প্যাডে চাঁদপুর জেলার ১৫টি ইউনিটের (উপজেলা ও পৌর) আহবায়ক কমিটির ঘোষণা করা হয়। এর মধ্যে হাজীগঞ্জ উপজেলা ও পৌর শাখা যুবদলের আহ্বায়ক কমিটির ৫ জন সদস্যের নাম রয়েছে।
৩ জানুয়ারি, ২০২১।