উপাদী উত্তর যুবলীগের সেক্রেটারীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলার ৫নং উপাদী উত্তর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সদ্যঘোষিত কমিটির সাধারণ সম্পাদক মো. ইমরান খান জনির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সদ্যঘোষিত কমিটির পদবঞ্চিত একটি মহল উপাদী উত্তর ইউনিয়নের ৫নং ওয়ার্ড ছাত্রদলের ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি স্বাক্ষরিত একটি প্যাডে সহ-সভাপতি মো. হুমায়ুন প্রধানের স্থলে মো. ইমরান খান জনির নাম কম্পোজ করে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) ছড়িয়ে দেয়। উপাদী উত্তর ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মো. বিল্লাল হোসেন মিয়াজী এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মো. ইমরান খান জনি নামে ৫নং ওয়ার্ড ছাত্রদলের কমিটির মধ্যে কেউ নেই। আমাদের অনুমোদিত কমিটির প্যাড নকল করে কোন একটি চক্র।
৫নং ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি মো. হুমায়ুন প্রধানের নামের স্থলে মো. ইমরান খান জনির নাম লিখে অপপ্রচার করে।
এ ব্যাপারে মতলব দক্ষিণ উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. জহির সরকার বলেন, যারা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য সদ্যঘোষিত উপাদী উত্তর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইমরান খান জনির বিরুদ্ধে অপপ্রচার করেছে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।
২৯ সেপ্টেম্বর, ২০২০।