বন্ধুত্বের মাঝে যে গভীর সম্পর্ক গড়ে উঠে তা ধরে রাখতে হবে
…………শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি

স্টাফ রিপোর্টার
‘আমরা চাঁদপুরের এসএসসি’৯২ বন্ধুরা, ছুটে এসেছি খুশির মিলন মেলায়’ এমন গানের মধ্যে দিয়ে চাঁদপুর স্টেডিয়ামে মিলে মিশে একাকার হয়ে গেছে এসএসসি’৯২ ব্যাচের প্রাক্তন ছাত্র ছাত্রীরা। গত শুক্রবার সকাল ৮টায় পুলিশ ব্যান্ডের বাজনা আর প্রাক্তন বন্ধুদের ব্যাপক উপস্থিতিতে বর্নাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে শুরু হয় এসএসসি-৯২ ব্যাচের চাঁদপুরের পুনর্মিলনী অনুষ্ঠান।
বর্নাঢ্য শোভাযাত্রাটি চাঁদপুর শহরস্থ হাসান আলী উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চাঁদপুর স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। সেখানেই আয়োজন করা হয় দিনব্যাপী জমকালো অনুষ্ঠানের। এজন্য তৈরী করা হয় সুউচ্চ মঞ্চ আর সু-সজ্জিত প্যান্ডেল। প্রাক্তন ছাত্র-ছাত্রীদের বাঁধভাংগা উল্লাসে মুখরিত হয়ে উঠে চাঁদপুর স্টেডিয়াম। অনুষ্ঠান চলে রাত অবধি। এ পুনর্মিলনী অনুষ্ঠানে শুধু দেশের মাঝে অবস্থানরত সহপাঠীরাই ছুঠে আসেনি। অনুষ্ঠানকে কেন্দ্র করে বিদেশে অবস্থানরত ‘৯২ ব্যাচের কয়েকজন বন্ধুও ছুঠে এসেছে। তাদের সকলের ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মাঝেই তারা ফিরে পেতে চেষ্টা করে তাদের ফেলে আসা স্কুল জীবনের স্মৃতিকে।
তাদের এ আনন্দযজ্ঞে বিকেল সাড়ে ৩টায় পুনর্মিলন স্থলে উপস্থিত হন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। মন্ত্রীকে কাছে পেয়ে পুনর্মিলনী আনন্দ উৎসব মহামিলনে রুপ নেয়। প্রাক্তন ছাত্রীরা আবেগাপ¬ুত হয়ে দীপু মনিকে জড়িয়ে ধরে। মন্ত্রীও তাদের আপন করে নেন মুহূর্তের মধ্যে। আয়োজকরা ফুল দিয়ে অভিবাদন জানান মন্ত্রীকে।
এসময় ডা. দীপু মনি এমপি বলেন, বন্ধুত্বের মাঝে গড়ে উঠা গভীর সম্পর্ক যেন আমরা ধরে রাখতে পারি। কোন স্বার্থের কাছেই যেন এ বন্ধুত্ব হারিয়ে না যায় সে দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তিনি মিলন মেলায় অংশ নেয়া সবার প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারা আমাকে যে গুরুদায়িত্ব দিয়েছেন তা যেন আমি পালন করতে পারি। আপনারা আমাকে যেভাবে সহযোগিতা করেছেন এ সহযোগিতা যেন আগের মত অব্যাহত থাকে সেই কামনা করছি।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাহবুবুর রহমান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্ল¬াহ আল মাহমুদ জামান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিন, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল¬াহ, দৈনিক ইল্শেপাড়ের প্রধান সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবুলসহ আরো অনেকে।
মো. ইউনুছ উল্লাহ পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন এসএসসি-৯২ ব্যাচের ছাত্র ও অনুষ্ঠানের উদ্যোক্তা সাহেদুল হক মোর্শেদ, নুরুল আমিন খান আকাশ, কাজী শাহজালাল টিংকু, শেখ মো. মঞ্জুরুল কাদের সোহেল, সেলিম রেজা, মানিক জমাদ্দার, মো. সালাউদ্দিন, রিফাই, মো. আবু বক্কর, মো. জাহাঙ্গীর, সুরাইয়া আক্তার, নাসরিন, অভি, সুমন, দুলাল, ইকবাল, সিবলুসহ আরো অনেকে।
অনুষ্ঠানে প্রাক্তন বন্ধুদের রুহের মাগফেরাত ও শান্তি কামনা করে দোয়া এবং মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাও. আ. আউয়াল। এছাড়া কোরআন তেলাওয়াত করেন ‘৯২ ব্যাচের ছাত্র মাকছুদুল হাকিম হিরু এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন প্রাক্তন ছাত্র সুজন কুমার দাস। অনুষ্ঠানে ইনসাইড ইউ, ডাঘ ব্যান্ড, রেশমী মির্জা ও মাটি ব্যান্ড এবং মাকসুদ ও ঢাকা ব্যান্ডের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। ছিলো কৌতুক অভিনেতা রনির মনোমুগ্ধকর কৌতুক পরিবেশনা।
এছাড়া ‘৯২ ব্যাচের ছাত্র-ছাত্রী ও তাদের সন্তানরা নেচে গেয়ে উৎসবস্থল মুখরিত করে তুলেন। পুরো অনুষ্ঠানকে ঘিরেই ছিল ব্যাপক আলোকসজ্জায় সজ্জিত। অতিথি অ্যাপ্যায়ন থেকে শুরু করে সব আয়োজনে ছিল প্রাণের ছোঁয়া।
