এবার ভিক্ষুকমুক্ত হলো হাজীগঞ্জ সদর ও হাটিলা পশ্চিম ইউনিয়ন

পারিবারিক সচেতনতা এবং ধর্মীয় মূল্যবোধের প্রতি গুরুত্ব দিতে হবে
………ইউএনও বৈশাখী বড়ুয়া
মোহাম্মদ হাবীব উল্যাহ্
সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ভিক্ষুকদের পূনর্বাসনের উপরকরণ প্রদানের মাধ্যমে হাজীগঞ্জ সদর ইউনিয়ন ও হাটিলা পশ্চিম ইউনিয়নকে আনুষ্ঠানিক ভিক্ষুকমুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া। গত বৃহস্পতিবার স্ব-স্ব ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে ভিক্ষুকদের চাহিদা অনুযায়ী পূনর্বাসনের উপকরণ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে। ইতোমধ্যে আমরা উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি এবং প্রধানমন্ত্রীর ভিশন অনুযায়ী ৪১ সালের মধ্যে উন্নত দেশে উন্নীত হবো। এ উন্নয়ন কোন জনগোষ্ঠিকে বাদ দিয়ে সম্ভব নয়। তাই সরকার সব জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে।
তিনি বলেন, উন্নয়ন ও সমৃদ্ধের অন্যতম প্রধান অন্তরায় হচ্ছে, সামাজিক ব্যাধী। এ থেকে মুক্তি পেতে হলে পারিবারিক সচেতনতা এবং যার যার ধর্ম অনুযায়ী, ধর্মীয় মূল্যবোধের প্রতি গুরুত্ব দিতে হবে। আমাদের আইনের প্রতি সম্মান ও শ্রদ্ধাশীল হতে হবে। বড়দের সম্মান এবং ছোটদের স্নেহ করতে হবে।
এদিন বিকালে সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ২৫ জন ভিক্ষুককে নিজ নিজ চাহিদা অনুযায়ী পূনর্বাসনের উপকরণ (ক্ষুদ্র ব্যবসার মালামাল, সেলাই মেশিন, ছাগল ও হাঁস) বিতরণের মধ্য সদর ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান আলহাজ সফিকুল ইসলাম মীর।
এ সময় সুবিধাভোগীদের মধ্যে ২ জনকে ক্ষুদ্র ব্যবসার যাবতীয় মালামাল, ৩ জনকে সেলাই মেশিন, ১২ জনকে ছাগল ও ৮ জনকে হাঁস (৮টি করে) প্রদান করা হয়। এছাড়া এদিন নারীর ক্ষমতায়নের লক্ষ্যে এলজিএসপি প্রকল্পের আওতায় ইউনিয়নের ২০ জন প্রশিক্ষিত নারীকে প্রশিক্ষণ ভাতা ও সেলাই মিশন দেয়া হয়।
সদর ইউনিয়ন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রোটা. আলী আশ্রাফ দুলাল প্রমুখ। ইউপি সচিব মো. সোলাইমান মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহতাব হোসেন সবুজসহ সব ইউপি সদস্য, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুবিধাভোগী পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
একই দিন সকালে হাটিলা পশ্চিম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ১৪ জন ভিক্ষুককে নিজ-নিজ চাহিদা অনুযায়ী পূনর্বাসনের উপকরণ (ভ্যানগাড়ি, সেলাই মেশিন ও ছাগল) বিতরণের মধ্য সদর ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান আলহাজ জাকির হোসেন লিটু। এ সময় সুবিধাভোগীদের মধ্যে ১ জনকে ভ্যানগাড়ি, ১ জনকে সেলাই মেশিন ও ১২ জনকে ছাগল দেয়া হয়।
হাটিলা পশ্চিম ইউনিয়ন কর্তৃক আয়োজিত এসব উপকরণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইঞ্জি. সফিকুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সব ইউপি সদস্য, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুবিধাভোগী পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।