এসডিজি বাস্তবায়নে এখন থেকে সঠিকভাবে কাজ করতে হবে : জেলা প্রশাসক

চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় সভা

শাহ আলম খান
চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান বলেছেন, এসডিজি বাস্তবায়ন করতে প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে। উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে কাজের অগ্রগতি কতটুকু এবং কি পরিমাণ অর্থ ব্যয় হয়েছে তা আমাদের জানাতে হবে। গতকাল রোববার সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মাসিক উন্নয়ন সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, কৃষির আওতায় জেলায় যেসব জমি রয়েছে ২ হাজার হেক্টর জমি রয়েছে। সেই সব কৃষি জমিতে কেউ বাড়ি করতে গেল কৃষি কর্মকর্তা উপস্থিত হবেন। যিনি বাড়ি করছেন তাকে বলতে হবে প্রধানমন্ত্রীর নির্দেশ কৃষি আইনে আপনি এখানে বাড়ি তৈরী করতে পারবেন না। বাড়ি তৈরী করতে হলে ৫-৭জন মিলে তৈরী করতে হবে। আমার গ্রাম আমার শহর বানাতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন, কৃষি জমি নষ্ট করা যাবে না, অনুশাসন আছে। কৃষি বিভাগ এই কাজ একা বাস্তবায়ন করতে পারবে না। আপনাকে ওই স্থানের চেয়ারম্যান, ইউপি সদস্য, ভূমি অফিস, স্থানীয় পুলিশ প্রশাসনসহ সবাইকে নিয়ে একটি মেকানিজম তৈরী করতে হবে।
জেলা প্রশাসক বলেন, আমি একটি উদাহরণ দিয়ে বললাম। আমাদের সরকারি প্রত্যেকটি দপ্তরের একইভাবে কাজ আছে। আমাদের এসডিজি বাস্তবায়নের জন্য ঠিকঠাকভাবে কাজ করতে হবে। আপনি যদি এই সময়ে এসডিজি বাস্তবায়ন করতে না পারেন, তাহলে ২০৩০ সালের মধ্যে প্রধানমন্ত্রীর যে ভিশন সম্পন্ন করতে পারবো না। এখন ‘১৯ সাল, আপনি ‘২০ সালের টার্গেট নিয়ে বসে আছেন। আপনাকে ঠিক করে দিতে কার কাজ কোনটি। আপনার সাথে কার কার সাথে লিংক, আইন কোনটা তা ঠিক করে বাস্তবায়ন করতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম জাকারিয়ার পরিচালনায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহ, এনএসআই’র যুগ্ম-পরিচালক আজিজুল হক, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
সভায় সরকারি বিভিন্ন দপ্তর প্রধান ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।