‘এসডিজি বাস্তবায়নে সরকারি-বেসরকারি সংস্থা ও সুশীল সমাজের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি
এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ এডাব’র আয়োজনে ‘এসডিজি বাস্তবায়নে সরকারি-বেসরকারি সংস্থা ও সুশীল সমাজের ভূমিকা’ শীর্ষক সেমিনার মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় চাঁদপুর সার্কিট হাউজ সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
এডাব চাঁদপুর জেলা সভাপতি ড. আনোয়ারুজ্জামান রতনের সভাপতিত্বে ও এডাবের সাধারণ সম্পাদক ও সিসিডিএস’র নির্বাহী পরিচালক মো. সেলিম পাটওয়ারীর পরিচালনায় এডাব সম্পর্কে ধারণা তুলে ধরেন এডাব ঢাকা’র পরিচালক কর্মসুচি কাউসার আলম কনক। স্বাগত বক্তব্য রাখেন এডাব চাঁদপুর শাখার সহ-সভাপতি মো. নুরুর আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজ সেবা অধিদপ্তর চাঁদপুর এর নিবন্ধন কর্মকর্তা মনিরুল ইসলাম, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এর উপ-পরিচালক একে এম দিদারুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদ প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এডাব চাঁদপুর শাখার আয়োজনে এতো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ খুব ভালো লাগলো। আপনারা সমাজের পিছিয়ে পরা মানুষগুলোর টেকসই উন্নয়নে কাজ করে যাচ্ছেন। এসডিজি বাস্তবায়নের মাধ্যমে পৃথিবীর সকল দেশের মতো বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী দেশে উন্নীত করার চেষ্টা করে যাচ্ছেন। আমরা সব সময় দেশের কল্যাণমূলক সকল কাজে আপনাদের পাশে থাকবো।
২৪ ফেব্রুয়ারি, ২০২১।