ওএমএস ও টিসিবি কার্যক্রম সমন্বয়ে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

চাঁদপুরে ৪১ কেন্দ্রে ৩০ টাকা দরে চাল বিক্রি হবে

স্টাফ রিপোর্টার
ওএমএস ও টিসিবি কার্যক্রম সমন্বয় সাধনসহ খাদ্যবান্ধব কর্মসূচি সফল করার লক্ষ্যে প্রেস ব্রিফিং করেছে জেলা প্রশাসন। আজ ১ সেপ্টেম্বর থেকে জেলার ৪১ কেন্দ্রে ৩০টাকা দরে চাল বিক্রি হবে। বুধবার (৩১ আগস্ট) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুল হাসান।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, আমরা কোন অনিয়মের সাথে থাকতে চাই না। প্রথম যেদিন সাংবাদিকদের সাথে বসেছি সেদিন বলেছিলাম আপনারা আমার তৃতীয় নয়ন। অনিয়মের কোন কিছু পেলে তা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবো। একটা গ্রুপ রয়েছে তারা শুধু সুযোগ খুঁজে কিভাবে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা যায়। ছোটখাটো বিষয়ে তারা এমনভাবে প্রচার করবে, যখন আমাদের বিব্রতকর অবস্থায় পড়তে হয়। কোথাও কোন কিছু অনিয়ম দেখলে আমাদের সহযোগিতা করবেন। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রীর এ উদ্দ্যোগ আমরা সবাই মিলে যেন সফল করতে পারি, সবার কাছে সেই সহযোগিতাই কামনা করছি।
ওএমএস ও টিসিবি কার্যক্রম সমন্বয় সম্পর্কে জেলা প্রশাসক বলেন, সরকারের নির্দেশনা অনুসারে ১ সেপ্টেম্বর থেকে জেলায় চলমান ওএমএস কার্যক্রম আরো সম্প্রসারিত করে চাঁদপুর পৌর এলাকায় ১৫টি, বাইরের ৬টি পৌরসভার ২৪টি এবং হাইমচর উপজেলায় দুটিসহ মোট ৪১টি কেন্দ্রে প্রান্তিক জনসাধারণের জন্যে ৩০টাকা দরে চাল বিক্রি করা হবে। এক্ষেত্রে টিসিবির কার্ডধারীদের ওএমএস’র মতো ন্যায্যমূল্যে প্রতি মাসে দুইবার ৫ কেজি করে ১০ কেজি চাল প্রদান করা হবে। জেলায় টিসিবির মোট কার্ডধারী উপকারভোগীর সংখ্যা হচ্ছে ১ লাখ ৪৫ হাজার ১শ’ ৪৭ জন।
এছাড়া জেলার নিম্ন আয়ের ও দরিদ্র লোকদের খাদ্য সহায়তা দেয়ার লক্ষ্যে আগামি সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে প্রত্যেক উপকারভোগী পরিবারকে মাসিক ৩০ কেজি হারে চাল প্রদান করা হবে। ইতোমধ্যে খাদ্যবান্ধব কর্মসূচির ডিজিটাল ডাটাবেজের আওতায় ৫৩ হাজার ২শ’ ৭৭ পরিবারকে তালিকাভুক্ত করা হয়েছে। এ কর্মসূচি সফল করার জন্য ১শ’ ২৬ জন ডিলারের মাধ্যমে প্রতিমাসে ১৫৯৮.২৫০ মে. টন চাল বিতরণ হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ পাটোয়ারী, ইকবাল হোসেন পাটওয়ারী, দৈনিক প্রভাতী কাগজের সম্পাদক আব্দুল আউয়াল রুবেল, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কেএম মাসুদ, এখন টিভির জেলা প্রতিনিধি তালহা যুবায়ের, দৈনিক চাঁদপুর কণ্ঠের বিজ্ঞাপন ম্যানেজার সেলিম রেজা, দৈনিক আলোকিত চাঁদপুরের বার্তা সম্পাদক মিজান লিটন প্রমুখ।
এসময় জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের বিভিন্ন পর্যায়ের সাংবাদিক, ওএমএস ও টিসিবির পরিবেশকরা উপস্থিত ছিলেন।

০১ সেপ্টেম্বর, ২০২২।