করোনা উপসর্গে মুক্তিযোদ্ধা রুহুল আমিনের মৃত্যু

বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সাবেক সভাপতি, কৃষি কর্মকর্তা

স্টাফ রির্পোটার
চাঁদপুর সদর উপজেলার সাবেক কৃষি কর্মকর্তা ও বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন (৬৭) করোনা উপসর্গ নিয়ে শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে ৮টায় সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে ইন্তেকাল করেন (ইন্নানিল্লাহি…. রাজিউন)।
চাঁদপুরের আড়াইশ’ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আরএমও ও করোনাভাইরাস বিষয়ে ফোকালপার্সন ডা. এএইচএম সুজাউদ্দৌলা রুবেল জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় করোনা উপসর্গ নিয়ে মুক্তিযোদ্ধা রুহুল আমিন হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ৮টায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো প্রায় ৬৭ বছর। তিনি স্ত্রী ও ২ ছেলেসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম রুহুল আমিন চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক উপ-সহকারী কৃষি কর্মকর্তা ছিলেন। তিনি বিভিন্ন সমাজসেবামূলক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন। চাঁদপুরের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সাথে সক্রিয়ভাবে প্রায় ২০ বছর জড়িত ছিলেন মো. রুহুল আমিন। তিনি বেশ কয়েকবছর বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সভাপতির দায়িত্ব পালন করেছেন। তার বড় ছেলে মাহমুদুল আমিন বাবু হাইমচর উপজেলার নীলকমল ইউপি সচিব হিসেবে চাকরি করেন।
শুক্রবার বাদ আছর গ্রামের বাড়ি কচুয়া উপজেলার রহিমানগরে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিকভাবে দাফন করা হয়েছে। মুক্তিযোদ্ধা রুহুল আমিনের মৃত্যুতে চাঁদপুরের সাংস্কৃতিক অঙ্গনে শোক নেমে আসে। চাঁদপুরের শিল্পী-কলাকুশলীরা গভীর শোক প্রকাশ এবং শোকসন্তÍপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

১২ জুন, ২০২০।