মাহফুজ মল্লিক
মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নে করোনা উপসর্গ নিয়ে শনিবার (১৩ জুন) দু’জনের মৃত্যু হয়েছে। তারা হলেন – মনু মিয়া (৫০) ও মমিনুল হক বেপারী (৬০)।
উপাদী দক্ষিণ ইউনিয়নের পূর্ব ধলাইতলী গ্রামে করোনা উপসর্গ নিয়ে শনিবার সকালে মনু মিয়া নামের এক ব্যক্তি মারা যান। অপরদিকে বিকেলে ওই ইউনিয়নের দক্ষিণ করবন্দ গ্রামের মমিনুল হক বেপারী করোনা উপসর্গে মারা যায়। তাদের দু’জনকে প্রশাসনের উপস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে স্বেচ্ছাসেবক দলের সহায়তায় জোহর ও এশার নামাজের পর দাফন করা হয়।
জানা যায়, ওই গ্রামের মৃত রওশন আলীর ছেলে মনু কৃষি কাজ করতেন। গত রোববার থেকে তিনি সর্দি-জ্বর ও কাশিসহ শ্বাসকষ্টে ভুগছিলেন। এলাকার ফার্মেসী থেকে তাকে ঔষধ খাওয়ানো হয়। কিন্তু শুক্রবার তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে স্বাস্থ্য বিভাগকে বিষয়টি জানানো হয়। শনিবার সকালে সে মারা যান।
এদিকে দক্ষিণ করবন্দ গ্রামের মমিনুল হক বেপারী কয়েকদিন ধরে কাশি, জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। আজ দুপুরে তিনি মারা যান। বাদ ইশা জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উভয় জানাজা ও দাফনে ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা ও স্যানিটারী ইন্সপেক্টর গাজী মো. খোরশেদ আলম উপস্থিত ছিলেন। মতলব শামছুল হক মডেল মাদরাসার দাফন-কাফন টিম ওই জানাজা ও দাফন কাজে সহায়তা করে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম কাওছার হিমেল জানান, স্বাস্থ্যবিধি মেনে তাদের দাফন করা হয়েছে। তাদের পরিবারসহ বাড়ির অন্যান্য সদস্যদের নমুনা সংগ্রহ করে বাড়িগুলো লকডাউন করা হয়।
১৩ জুন, ২০২০।
