কাচিয়ারা স্কুল এন্ড কলেজের লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি প্রভাবশালী মহল

মতলব দক্ষিণ ব্যুরো

মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের কাচিয়ারা স্কুল এন্ড কলেজের ১২.৪৩ একর দিঘি একক ক্ষমতার প্রভাব খাটিয়ে দীর্ঘদিন মাছ চাষ করে যাচ্ছে মাসুদ পাটোয়ারী। হাতিয়ে নিচ্ছে স্কুল এন্ড কলেজের প্রায় ৩০ লাখ টাকা।

সরজমিনে গিয়ে সাধারণ জনগণের সাথে কথা বলে জানা যায়, এই দিঘি নিয়ে তিন পক্ষের মামলা আদালতে চলমান। এরমধ্যে একপক্ষ হচ্ছে কাচিয়ারা স্কুল এন্ড কলেজ। আদালতের অনুমতি ছাড়া এই দিঘি লিজ দেয়া আইনত অপরাধ। আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দীর্ঘদিন যাবৎ কাঞ্চন রাজার প্রায় ১২.৪৩ একর দিঘিতে মাছ চাষ করে যাচ্ছেন মাসুদ পাটোয়ারী।

মাসুদ পাটোয়ারীর সাথে কথা বলে জানা যায়, এই দিঘি প্রথমবার ৫ লাখ, দ্বিতীয়বার সাড়ে ৯ লাখ এবং বর্তমানে ১২ লাখ টাকা দিয়ে শাহজাহান সরকারের মাধ্যমে লিজ নেন। কিন্তু কাগজপত্র বা কোন ডকুমেন্ট দেখাতে পারেনি মাসুদ পাটোয়ারী। বর্তমানে ১২ লাখ টাকার ভিতরে ৭ লাখ টাকা দিয়েছেন শাজাহান সরকার ও ৫০ হাজার টাকা রশিদ পাটোয়ারীকে দেয়া হয়েছে। বাকি যে টাকা আছে আমি কথা অনুযায়ী সময়মতো পরিশোধ করে দিবো।

সত্যতা যাচাইয়ের জন্য শাহজাহান সরকারের সাথে কথা বললে তিনি সাংবাদিকদের জানান, এই দিঘি ১২ লাখ টাকা লিজ দেয়া হয়েছে মাসুদ পাটোয়ারীকে। মাসুদ পাটোয়ারী ২ লাখ টাকা কলেজ অধ্যক্ষের সামনে আমার হাতে দেয়। আমি এই ২ লাখ টাকা কাচিয়ারা কলেজের শিক্ষকদের বেতন দিয়ে দেই। মাসুদ পাটোয়ারী যে ৭ লাখ টাকার কথা বলেছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

২ লাখ টাকা শিক্ষকদের বেতন দেয়ার ব্যাপারে কাচিয়ারা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বলেন, বিগত দিনের টাকা সহকারে প্রায় ৩০ লাখ টাকার মতো হবে একটি মহল প্রতিষ্ঠানের নাম ভাঙ্গিয়ে, ক্ষমতার বলে হাতিয়ে নিচ্ছে। এই দিঘির কোন টাকা স্কুলের ফান্ডে কখনো জমা হয়নি।

এ ব্যাপারে উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম সাহেব বলেন, এত বড় দুর্নীতি হচ্ছে, এই ব্যাপারে কখনো আমাকে কেউ জানায়নি। আমাদের জানালে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাধারণ জনগণের দাবি, এই প্রভাবশালী মহলকে আইনের কাঠগড়ায় দাঁড় করিয়ে স্কুল প্রতিষ্ঠানের টাকা ফেরত নেয়া হোক। কোন কাগজপত্র ছাড়া মৌখিক লিজ দিয়ে লাখ-লাখ টাকা হাতিয়ে নিচ্ছে তারা।

১৩ জুলাই, ২০২০।