ইলশেপাড় ডেস্ক
দেশে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে আগামিকাল রোববার। এর আগে গত ৩০ জুন বাংলাদেশের আকাশে সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় এ দিনটি নির্ধারণ করা হয়। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ শনিবার ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। আর হজ অনুষ্ঠিত হয়েছে গতকাল শুক্রবার।
ঈদুল ফিতরের পর ঈদুল আজহা মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব। ত্যাগের মহিমায় উদ্ভাসিত এ উৎসবে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তাদের প্রিয় বস্তু অর্থাৎ পশু কোরবানি করেন। ঈদুল আজহা অনুষ্ঠিত হওয়ার সময়ই লাখ লাখ মুসলমান সৌদি আরবের পবিত্র ভূমিতে হজ পালনরত অবস্থায় থাকেন। হাজিরা ঈদের দিন সকালে কোরবানি দেন। করোনার কারণে গত দু’বছর পর এবার বিশ্বের অন্যান্য দেশ থেকে হজ করতে যাওয়ার সুযোগ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। তবে সংখ্যায় অন্যান্য বছরের অর্ধেক।
এবার ঈদে ৯, ১০ ও ১১ জুলাই সরকারি ছুটি। তবে ঈদের ছুটির একদিন ৯ জুলাই পড়েছে শনিবার সাপ্তাহিক ছুটির মধ্যে। করোনাভাইরাস মহামারির কারণে গত দু’বছর (২০২০ ও ২০২১ সাল) বিধিনিষেধের মধ্যে কেটেছে ঈদুল আজহা। তবে সংক্রমণ একেবারে কমে যাওয়ায় গত ঈদুল ফিতর কেটেছে অনেকটা স্বাভাবিক অবস্থার মধ্যে। সবার প্রত্যাশা ছিল একইভাবে কাটবে কোরবানির ঈদও, কিন্তু সাম্প্রতিক সময়ে সংক্রমণের হার ফের ঊর্ধ্বমুখী।
এরই মধ্যে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার নির্দেশনা দিয়েছে সরকার। মসজিদে নামাজ আদায়ের বিষয়েও দেওয়া হয়েছে নানা বিধিনিষেধ। তবে যানবাহন চলাচলের ওপর যেহেতু বিধিনিষেধ আরোপ করা হয়নি। স্বাভাবিক সময়ের মতো গ্রামের বাড়িতে প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রেল, সড়ক ও নৌপথে রাজধানী ছাড়েন অসংখ্য মানুষ। এতে ফাঁকা হয়ে পড়েছে ঢাকা। উল্টোদিকে সড়ক-মহাসড়কে তীব্র যানজট, ট্রেনের শিডিউল বিপর্যয়ে চরম ভোগান্তিতে পড়েন মানুষ।
০৯ জুলাই, ২০২২।
