কাল শুরু হচ্ছে ১৯তম জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট

স্টাফ রিপোর্টার
প্রায় দুইবছর পর বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) থেকে চাঁদপুর স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে ১৯তম চাঁদপুর জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট। চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে টুর্নামেন্টে অংশ নিয়েছে জেলার ৮ উপজেলার ক্রীড়া সংস্থার ফুটবল দলগুলো। টুর্নামেন্টের উদ্বোধনী দিনের খেলায় অংশ নেবে ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা ও মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থা।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিভাগের কমিশনার মো. আশরাফ উদ্দিন। সভাপতিত্ব করবেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু এবং চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান।
চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গত ১১ সেপ্টেম্বর বিকেলে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ফুটবল উপ-কমিটির সভায় সিদ্ধান্ত নেয়া হয় চলতি মাসেই আয়োজন করা হবে জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসান।
সভায় উপস্থিত সবার সিদ্ধান্তমতে এবং জেলার ৮ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকতা এবং উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারীদের মতামতের ভিত্তিতে খেলার ফিকচারসহ খেলার তারিখ নির্ধারণ করা হয়।
টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলো হলো- চাঁদপুর সদর, মতলব দক্ষিণ, কচুয়া, হাইমচর, মতলব উত্তর, হাজীগঞ্জ, শাহরাস্তি ও ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা।
সিদ্ধান্ত অনুযায়ী এবারের চ্যাম্পিয়ন দল পাবে ৭৫ হাজার টাকা এবং রানারআপ পাবে ৫০ হাজার টাকা। প্রতিটি দলই খেলতে পারবে স্থানীয় ৫জন ও বহিরাগত ৬ জন ফুটবলার। বহিরাগত ৬ জন ফুটবলারের মধ্যে ২জন বিদেশী ফুটবলার এবং ৪জন বাংলাদেশ জাতীয় ফুটবল দলসহ ঢাকার বিভিন্ন ক্লাবে খেলা ফুটবলার খেলতে পারবেন।
তবে সভা চলাকালীন সময়ে কয়েক উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবেদন করেছিলেন টুর্নামেন্টের প্রাইজমানি বাড়ানোর জন্য। তাদের দাবি ছিলো চ্যাম্পিয়ন দল পাবে ১ লাখ টাকা এবং রানারআপ দলের প্রাইজমানি ৭৫ হাজার টাকার জন্য। এর সাথে প্রতিটি উপজেলার কর্মকর্তারা দাবি জানিয়েছিলেন, আয়োজকদের পক্ষ থেকে যেনো প্রত্যেক দলের খেলোয়াড়দের জার্সি দেয়া হয়। এছাড়া তারা আরো দাবি করেন টুর্নামেন্টের উদ্বোধনী দিনের খেলা থেকে ফাইনাল পর্যন্ত যেনো ঢাকার রেফারী দিয়ে খেলা পরিচালনা করা হয়।
টুর্নামেন্টে অংশ নেয়া ৮ দলের মধ্যে লটারিও করা হয়েছে। লটারি অনুযায়ী ‘ক’ গ্রুপের দলগুলো হলো- হাজীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা, কচুয়া উপজেলা ক্রীড়া সংস্থা, শাহারাস্তি উপজেলা ক্রীড়া সংস্থা ও হাইমচর উপজেলা ক্রীড়া সংস্থার ফুটবল দল।
‘খ’ গ্রুপের দলগুলো হলো-চাঁদপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থা, ফরিদগঞ্জ ক্রীড়া সংস্থা, মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থা ও মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থার ফুটবল দল।
টুর্নামেন্টের ফিকচার অনুযায়ি ২৯ সেপ্টেম্বর খেলবে ফরিদগঞ্জ ও মতলব উত্তর উপজেলা, ৩০ সেপ্টেম্বর হাজীগঞ্জ ও শাহারাস্তি উপজেলা, ১ অক্টোবর চাঁদপুর সদর ও মতলব দক্ষিণ উপজেলা এবং ২ অক্টোবর খেলবে হাজীগঞ্জ ও কচুয়া উপজেলা। ৪ সেপ্টেম্বর টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ও ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা।
আয়োজকদের ফিকচার অনুযায়ি ৭ অক্টোবর ফাইনাল হওয়ার কথা। যদিও আয়োজকরা জানিয়েছেন সঠিক সময়েই খেলা শেষ হবে। কিন্তু আদৌ সঠিক সময়েই জেলা প্রশাসকের নামে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ হবে কিনা সেই অপেক্ষায়ই থাকবে জেলার ফুটবল খেলোয়াড়সহ দর্শকরা।

২৮ সেপ্টেম্বর, ২০২২।