কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় ৩ জন নিহত

জাহাঙ্গীর আলম ইমরুল
কুমিল্লার চান্দিনায় বালু বোঝাই ট্রাক্টরে কাভার্ডভ্যানের ধাক্কায় ৩ জন শ্রমিক নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল ৯টার দিকে কুমিল্লার চান্দিনা উপজেলার হাড়িখোলা মাজার সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার মো. রহমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনাস্থলেই নিহত হন কুমিল্লার চান্দিনা উপজেলার হাড়িখোলা গ্রামের বালু শ্রমিক নুরুল ইসলাম (৪০), ঢাকা সাভারের শ্রমিক ফয়জার রহমান (৪০)। এদিকে হাসপাতালে নেয়ার পথে মারা যান কাভার্ডভ্যান চালক লিটন (৪০)।
আহত ট্রাক্টর চালক আমির হোসেনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে হাড়িখোলা মাজার এলাকায় মহাসড়ক সংলগ্ন মার্কেটের সামনে ট্রাক্টরে বালু তুলছিলেন শ্রমিকরা। এসময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বালু বোঝাই ট্রাক্টরটিতে ধাক্কা দিয়ে কাভার্ডভ্যানটিও উল্টে যায়।
এসময় ঘটনাস্থলেই শ্রমিক নূরুল ইসলাম ও ফয়জার রহমান নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে মারা যান কাভার্ডভ্যান চালক লিটন।
চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে উদ্ধার কাজ চালায়।

৩০ জুলাই, ২০২১।