কুমিল্লায় বাঙ্গরাবাজারের কোরবানপুরে স্মৃতি ভাস্কর্য উদ্বোধন

১৬ প্রহরব্যাপী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ



কুমিল্লা ব্যুরো
কুমিল্লার কোরবানপুরে অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্ম সম্মেলন ও ১৬ প্রহরব্যাপী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ। জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার থানার কোরবানপুরের কাশি শিব ভবন প্রাঙ্গণে গত ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় শুরু হওয়া এ হরিনাম মহাযজ্ঞ শেষ হয় ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায়।
মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাঙ্গরাবাজার প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম ইমরুলসহ অন্যান্য সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
বিশ্ব শান্তির প্রত্যয়ে কোরবানপুর শিব ভবনের উদ্যোগে আয়োজিত সনাতন ধর্ম সম্মেলন ও হরিনাম মহাযজ্ঞে শ্রীমদ্ভগবদ গীতা পাঠ করেন রহিমপুর অযাচক আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ যুগল ব্রহ্মচারী মহারাজ্জী, অধ্যাপক শ্যামা প্রসাদ ভট্টাচার্য এবং লীলা কীর্ত্তন পরিবেশন করে নড়াইলের অঞ্জলী সম্প্রদায়।
এর আগে সোমবার বিকেলে প্রয়াত ইউপি চেয়ারম্যান বেনু ভূষন শীব বাবুর ভাস্কর্য উদ্বোধন করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন। ‘ওরা ৫২ জন’ এর উদ্যোগে নির্মিত এ ভাস্কর্যটি কোরবানপুর বাজারের পাশে স্থাপন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পূর্বধইর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান বন কুমার শীব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাঙ্গরাবাজার থানার ইন্সপেক্টর (তদন্ত) অমর চন্দ্র দাস, জাহাপুর ইউপি চেয়ারম্যান একেএম সফিকুল ইসলাম, দারোরা ইউপি চেয়ারম্যান শাহাজাহান, বাঙ্গরা পূর্ব ইউপির সাবেক চেয়ারম্যান হাকিম সওদাগর, আন্দিকুট ইউপি চেয়ারম্যান ওমর ফারুক সরকার।
উপস্থিত ছিলেন কোরবানপুর জি, এম, উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম, জে নাইয়ুম ভূঞা, মুরাদনগর উপজেলা কৃষক লীগের সভাপতি কামাল উদ্দিন খন্দকার, ইউপি সদস্য সফিকুল ইসলাম, ইউপি সচিব পারুল আক্তার, আ. মান্নান, ফিরোজ মিয়া, জামশেদ মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।