জাহাঙ্গীর আলম ইমরুল
কুমিল্লায় ২৬ হাজার ৫শ’ পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১১। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে র্যাব-১১ এর ব্রাইম প্রিভেনশন কোম্পানী (সিপিসি)-২ কুমিল্লার একটি আভিযানিক দল জেলার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় অভিনব কায়দায় মোটরসাইকেলের তেলের টাংকীর ভেতরে করে ইয়াবা পাচারকালে সামী মাহমুদ সাইফুল নামে এক মাদক কারবারীকে আটক করা হয়।
আটক মাদক কারবারীর সামী মাহমুদ সাইফুল চট্টগ্রাম জেলার লোহাগড়া থানার চুনতি সুলতান মাওলানা পাড়া গ্রামের মাহমুদুল হকের ছেলে। এসময়ে পাচারের উদ্দেশে তার মোটরসাইকেলে তেলের টাংকীর ভেতরে রাখা মোট ২৬ হাজার ৫শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে আটক আসামি স্বীকার করে যে, দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম থেকে বিভিন্ন পরিবহনে করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
আটক আসামির বিরুদ্ধে কুমিল্লা বুড়িচং থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
১৮ জুন, ২০২০।
