কুমিল্লা মহানগর আ.লীগের সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশের মহাদুর্যোগের নাম বিএনপি
……ওবায়দুল কাদের এমপি

জাহাঙ্গীর আলম ইমরুল
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে হাজি আ.ক.ম বাহাউদ্দিন বাহার এমপি এবং সাধারণ সম্পাদক পদে সিটি মেয়র আরফানুল হক রিফাতকে বহাল রেখেই নতুন কমিটি গঠন করা হয়েছে।
কমিটি ঘোষণার আগে বক্তব্যকালে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, ৭৫ থেকে দেশে অনেক দুর্যোগ এসেছে। একটা দুর্যোগের নাম আপনারা শুনেননি। এ মহাদুর্যোগের নাম বিএনপি। বিএনপি হলো বাংলাদেশের মহাদুর্যোগ। এ মহাদুর্যোগ থেকে বাংলাদেশকে বাঁচাতে হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বাঁচাতে হবে। সাম্প্রাদায়িক অপশক্তির হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধু কোনদিন হার মানেননি। শেখ হাসিনাও হারতে জানেন না। শেখ হাসিনা হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে। শেখ হাসিনা আবারো বিজয়ী হবে। অপশক্তির বিরুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হউন।
তিনি শনিবার (৫ নভেম্বর) দুপুরে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন শেষে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।
এর আগে মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি। প্রধান বক্তার বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি।
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপির সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আব্দুর সবুর ও তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ। স্বাগত বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি মেয়র আরফানুল হক রিফাত।
এদিকে সম্মেলনকে কেন্দ্র করে সকাল থেকেই স্থানীয় সংসদ সদস্য হাজি বাহার ও সংরক্ষিত আসনের এমপি আঞ্জুম সুলতানা সীমার গ্রুপের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করে। দুই গ্রুপের মধ্যে শহরে একাধিকবার ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

০৬ নভেম্বর, ২০২২।