কোন অপশক্তি বাংলার মাটিতে টিকে থাকতে পারেনি

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা

স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা, সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগ। রোববার (৬ ডিসেম্বর) বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ সমাবেশের পর শহরে একটি বিশাল বিক্ষোভ মিছিলও বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন পাটোয়ারী পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ মো. ইউসুফ গাজী, সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, উপ-দপ্তর সম্পাদক অ্যাড. রনজিত রায় চৌধুরী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাড. বিনয় ভূষণ মজুমদার, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদ আলম মিল্টন, জেলা মহিলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা অধ্যাপিকা মাসুদা নূর খান।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, চাঁদপুর সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, জেলা যুব মহিলা লীগের সভানেত্রী কাউন্সিলর ফরিদা ইলিয়াস, জেলা ছাত্রলীগের সভাপতি মো. জহির উদ্দিন, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি কাউন্সিলর সোহেল রানা, সাধারণ সম্পাদক রবিন পাটোয়ারীসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা বলেন, সাম্প্রদায়িক শক্তি আবারো দেশে মাথাচাড়া দিয়ে উঠেছে। এসব কিছুর পিছনে রয়েছে জামায়াত-বিএনপি জোট। দেশের প্রতিটি উপজেলায় একটি করে জাতির পিতার ভাস্কর্য তৈরি করা হবে। মৌলবাদী ও সাম্প্রদায়িক গোষ্ঠির বিষ দাঁত আমরা ভেঙে দিব। ঐতিহ্যকে ধারণ করার জন্য ভাস্কর্য, পূজার জন্য নয়। বিশ্বে এরকম বহু ভাস্কর্য রয়েছে। বাংলার মাটিতে মৌলবাদ ও জঙ্গিবাদের আগেও কোন স্থান ছিল না, এখনো পাবে না। বঙ্গবন্ধু আমাদের আদর্শ নেতা। তাকে সবার মাঝে উজ্জীবিত রাখা আমাদের দায়িত্ব। এছাড়া আমাদের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
০৭ ডিসেম্বর, ২০২০।