মাদক মামলার আসামি জহিরের হুমকি
স্টাফ রিপোর্টার
মাদক মামলার আসামি জহির মিজি (৩৪) কর্তৃক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালককে হুমকির প্রেক্ষিতে প্রেস ব্রিফিং করা হয়েছে। রোববার (৬ ডিসেম্বর) বিকালে জেলা মাদকদ্রব্য কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা মাদক দ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলম।
লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, গত ৫ ডিসেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে আসামি জহির মিজি (৩৪) কে দক্ষিণ বালিয়া এলাকা থেকে ৪২০ পিস ইয়াবাসহ আটক করা হয়। আসামি জহিরকে থানাহাজতে হস্তান্তর করতে গেলে অধিদপ্তরের সবার উদ্দেশে বলেন, আপনারা আমাকে এখনই মেরে ফেলেন। অন্যথায় আমি জামিনে জেল থেকে মুক্তি পেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সবাইকে মেরে ফেলবো। আমি ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক কমিটির সদস্য, আমি চান্দ্রা এলাকার ত্রাস। আমার কথায় চান্দ্রা ইউনিয়নে সকাল-সন্ধ্যা হয়, তাছাড়া আমি সাংবাদিক কৌশিকের ভাই। চাঁদপুর জেলায় আমাদের চাকরি করার বিষয়ে হুমকি দেয় আসামি জহির।
এসময় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বাপন সেন, উপ-পরিদর্শক মো. মুজিবুর রহমান, সহকারী উপ-পরিদর্শক কাজী শামছুল বারি, সিপাহী সাইফুল ইসলাম প্রমুখ।
০৭ ডিসেম্বর, ২০২০।
