খাদেরগাঁওয়ে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীর আলোচনা সভা


শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিকভাবে দেশ এগিয়ে যাচ্ছে
….অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি

মাহফুজ মল্লিক/মোজাম্মেল প্রধান হাসিব
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. মো. নুরুল আমিন রুহুল বলেছেন, শোকাবহ আগস্ট বাঙালি জাতির জন্য একটি কলংকময় অধ্যায়। আমাদের জীবনে এই দিনটি যেমন কষ্টের, তেমনি শোকের। তাই এ শোককে শক্তিতে রূপান্তরিত করে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত করতে হবে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশটিকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন। বঙ্গবন্ধু জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই দেশ এবং দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন। শেখ হাসিনা বঙ্গবন্ধুর যোগ্য কন্যা হিসেবে জনগণের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত সংঘবদ্ধ হয়ে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নাম-নিশানা মুছে ফেলতে বারবার হামলা করে আসছে। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলা করেছে। কিন্তু আল্লাহর অশেষ রহমতে শেখ হাসিনা বেঁচে আছেন, এদেশের অর্থনৈতিক মুক্তির জন্য।
গতকাল শনিবার বিকেলে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পশ্চিম বাজার সংলগ্ন বালুর মাঠে খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর হোসেন রিপনের সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম ঢালীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটির সহ-সম্পাদক নির্মল গোস্বামী, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এএইচএম গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, সহ-সভাপতি লিয়াকত হোসেন প্রধান, আনিছুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. মোফাজ্জল হোসেন, মতলব পোর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মবিন সুজন প্রধান, উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. জহির সরকার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন প্রধান, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আল এমরান চৌধুরী, গোলাম মোস্তফা, শেখ ফজলুল করিম সেলিম, কেন্দ্রিয় ছাত্রলীগের সহ-সম্পাদক আকাশ হোসেন পবন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিয়াদুল আলম রিয়াদ, মতলব উপজেলা শিক্ষক নেতা মামুন মাস্টার, খাদেরগাঁও ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক কাজী আব্দুল মান্নান, কাজী আবু সাইদ, যুবলীগ নেতা জামাল হোসেন পাটোয়ারী, নারায়ণপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাউছার আলম পান্না, ছাত্রলীগ নেতা উজ্জ্বল প্রমুখ।
এসময় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সব সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নারায়ণপুর সাহেব বাজার জামে মসজিদের খতিব মুফতি শহিদুল ইসলাম।

২৫ আগস্ট, ২০১৯।