গণি মডেল উবি’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের গণি মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু।
তিনি তার বক্তব্যে বলেন, চাঁদপুরের অতি প্রাচীন একটি বিদ্যালয় গনি মডেল উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের ৮ তলা ভবনের অনুমোদন হয়েছে। হয়ত আর বেশিদিন এই ভবনে পাঠদান করা হবে না, নতুন ভবনে পাঠদান হবে। যুবসমাজ আজ অন্যপথে ধাবিত হচ্ছে। তাদের খেলাধুলার মাধ্যমে সুন্দরের পথে ফিরিয়ে আনতে হবে। তাই পড়ালেখার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই।
তিনি আরো বলেন, শিক্ষাক্ষেত্র আমূল পরিবর্তন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষা কারিকুলাম নতুন করে সাজানো হয়েছে। কারিকুলাম সহজ করে মুখস্তবিদ্যা বাদ দিয়ে আনন্দের সাথে পড়াশুনা করার কাজ করা হচ্ছে। তোমরা নতুন কারিকুলামে লেখাপড়া করবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করলে কোমলমতি শিক্ষার্থীদের মন ভালো থাকে। তাই তোমরা লেখাপড়ার পাশাপাশি দিনের একটা সময় খেলাধুলা করবে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আমিনুর রহমান বাবুলের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন।
বিদ্যালয়ের শিক্ষক ইসমাইল হোসেন প্রধানিয়া, ফেরদৌস আরা ও সুলতানা আক্তারের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, প্যানেল মেয়র অ্যাড. হেলাল হোসাইন ও চাঁসক ছাত্রলীগের সভাপতি সোহেল বেপারী।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও ব্যাচ পরিধান করানো হয়। পরে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়। পরে শিক্ষার্থীরা কুচকাওয়াজ প্রদর্শন ও শপথ বাক্য পাঠ করে। বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

১৬ ফেব্রুয়ারি, ২০২৩।