গৃহকর্মী ধর্ষণে পলাতক বিশ্ববিদ্যালয় ছাত্র ভোলা থেকে আটক

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে শহরে একবছর ধরে গৃহকর্মীকে ধর্ষণ করার অভিযোগে বিশ্ববিদ্যালয় ছাত্র পলাতক আমজাদ মাহমুদ নিলয় (২১) নামের এক ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ মে) ভোলা জেলার বোরহানউদ্দিন থানা এলাকায় হতে তাকে গ্রেফতার করে চাঁদপুর মডেল থানায় নিয়ে আসা হয়েছে। আজ বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এর আগে তার মা শাহনাজ বেগমকে গ্রেফতার করা হলেও পালিয়ে যান বাবা আব্দুল মাজেদ ও নিলয়।
পুলিশ জানায়, চাঁদপুর শহরের ওয়ারলেস এলাকার মুক্তিযোদ্ধা সিরাজ বরকন্দাজের বাড়িতে ভাড়া বাসায় থাকেন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এ কর্মরত আব্দুল মাজেদ ও শাহনাজ বেগম দম্পতি। তাদের বাসায় দীর্ঘ ৪ বৎসর যাবৎ কাজ করে আসছিল ধর্ষিতা যুবতী। তারা ৪ বছর ধরে তাকে দিয়ে বাসার কাজ করালেও কোন টাকা-পয়সা দেয়নি। উপরন্তু তাদের বড় ছেলে ঢাকার একটি বিশ্ববিদ্যালয় পড়ুয়া আমজাদ মাহমুদ নিলয় (২১) দীর্ঘ এক বছর ধরে ধর্ষণ করে আসছে।
জানা যায়, করোনার কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় বাবা-মায়ের সঙ্গে চাঁদপুরের বাসাতেই অবস্থান নেন অভিযুক্ত যুবক। তার বাবা-মা যখন কর্মস্থলে চলে যান তখই গৃহকর্মীকে একা পেয়ে এক বছর ধরে ধর্ষণ করে আসছিলো। এ বিষয়টি নিলয়ের বাবা এবং মাকে জানিয়েও কোনো প্রতিকার পাননি অসহায় গৃহকর্মী। উল্টো শারীরিক ও মানসিক নির্যাতনসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে ভিকটিমকে চুপ থাকতে বাধ্য করে। সর্বশেষ গত ১৪ এপ্রিল দুপুরে আব্দুল মাজেদ দম্পতি অফিসে চলে গেলে এই সুযোগে তাদের ছেলে আমজাদ মাহমুদ নিলয় ভিকটিমকে ধর্ষণ করে। ভিকটিম সর্বশেষ ঘটনার বিষয়টি আব্দুল মাজেদ দম্পতিকে জানিয়ে প্রতিকার চাইলে মা-ছেলে নির্যাতন করে। এ অবস্থায় ওই যুবতী দীর্ঘদিনের নির্যাতন সহ্য করতে না পেরে গত ৩০ এপ্রিল বাসা থেকে পালিয়ে সড়কে এসে আত্মহত্যার চেষ্টা করেন। কিন্তু আশপাশের মানুষ তা দেখে ফেলায় এই যাত্রায় রক্ষা পান তিনি।
এমন ঘটনার পর বিষয়টি চাঁদপুর জেলা পুলিশ সুপার মিলন মাহমুদের নজরে পড়ে। তিনি ঘটনার শিকার তরুণীকে উদ্ধার করে সদর মডেল থানা পুলিশকে ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
চাঁদপুর সদর মডেল থানার ওসি আব্দুর রশিদ জানান, এ ঘটনায় গৃহকর্মী তরুণীর কাছ থেকে বিস্তারিত শুনে ভিকটিমের আবেদনের প্রেক্ষিতে ওই পরিবারের তিনজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা গ্রহণ করা হয়। মামলার প্রেক্ষিতে শহরের ওয়ারলেস এলাকার বাসায় অভিযান চালায় পুলিশ। এসময় নিলয়ের মা শাহনাজ বেগমকে আটক করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
তিনি বলেন, মূল অভিযুক্ত পলাতক আমজাদ মাহমুদ নিলয় ভোলায় তার এক বন্ধুর বাড়িতে আত্মগোপন করেছিল। আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান সনাক্ত করে মঙ্গলবার সকালে তাকে গ্রেফতার করতে সক্ষম হই। রাতে তাকে চাঁদপুর মডেল থানায় আনা হয়েছে।

৫ মে, ২০২১।