নবী নোমান
ফরিদগঞ্জে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান হাজি মো. শাহ আলম শেখকে বরণ ও সাবেক চেয়ারম্যান মো. সোহেল চৌধুরীসহ সাবেক ইউপি সদস্যদের বিদায় সম্মাননা প্রদান করেছে ইউনিয়ন পরিষদ কর্র্তপক্ষ।
এসময় প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারসম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান তার বক্তব্যে বলেন, একমাত্র বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনার রাষ্ট্র ক্ষমতায়ই অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব। তিনি ক্ষমতায় থাকলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায়। তাঁর প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, আর্থ-সামাজিকসহ সকল ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হচ্ছে। এ কারণে বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হতে যাচ্ছে। বাঙালির ভাগ্য পরিবর্তন ও দেশের উন্নয়নে কোনো অপশক্তিই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দাবিয়ে রাখতে পারবে না।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে যতদিন দেশ থাকবে, এদেশ কখনো পথ হারাবে না। শেখ হাসিনার হাত ধরেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ হবে।
ইউনিয়ন পরিষদের কার্যালয়ে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে বিদায়ী চেয়ারম্যান ও মেম্বারদের বিদায়ী সম্মাননা তুলে দেন নব-নির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যরা।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদ্য সাবেক চেয়ারম্যান মো. সোহেল চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সাউদ, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক পাটওয়ারী, ছাত্রনেতা সুমন পাটওয়ারী প্রমুখ।
এসময় সদ্যবিদায়ী সকল ইউপি সদস্য ও পরিষদের নবনির্বাচিত সকল সদস্য, স্থানীয় মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ অধিবেশনে নবনির্বাচিত চেয়ারম্যান শাহ আলম শেখকে ইউনিয়ন পরিষদ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করে নেয়।
২৩ ফেব্রুয়ারি, ২০২২।
