গোবিন্দপুর উত্তরে নৌকার বিজয়ের লক্ষ্যে পথসভা

এস এম সোহেল
গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয়ের লক্ষ্যে পথসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ জানুয়ারি) বিকেলে ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া জনতা উচ্চ বিদ্যালয় মাঠে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ।
তিনি তার বক্তব্যে বলেন, নৌকা এদেশে স্বাধীনতার কথা বলে নৌকা এদেশে উন্নয়নের কথা বলে। নৌকা এদেশে জনগণের কথা বলে। নৌকা জিতলে কেউ কোন উন্নয়ন থেকে বঞ্চিত হবেন না। কেউ মনে করবেন না বিদ্রোহীরা জয়ী হলে উন্নয়ন বেশি হবে সেই সুযোগ নেই। আগামি ৫ জানুয়ারি প্রতিটি কেন্দ্রে যার যার অবস্থান থেকে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে নৌকার প্রার্থীর বিজয় নিশ্চিত করে আপনারা বাড়ি ফিরবেন।
প্রধান বক্তার বক্তব্যে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আলহাজ আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, নির্বাচনে রাগ ক্ষোভ, হিংসা-প্রতিহিংসা থাকবেই। তবে সবার মনে রাখতে হবে প্রার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত। নৌকার পরাজয় হলে শেখ হাসিনার পরাজয় হবে। নৌকার পরাজয় হলে আদর্শের পরাজয় হবে। তাই আসুন আগামি ৫ জানুয়ারি নৌকার প্রার্থীকে বিজয়ী করতে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।
গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদ সভাপতি ডা. মো. মুনায়েন খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম মিয়াজী, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া কালু, গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী সোহেল চৌধুরী, ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহম্মেদ মজুমদার প্রমুখ।
ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল হোসেন গাজী ও ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. স্বপন খানের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. আবু সুফিয়ান শাহীন, ফরিদগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র খলিলুর রহমান, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি পুতুল সরকার।

০৩ জানুয়ারি, ২০২২।