সাহেদ হোসেন দিপু
বঙ্গপোসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় বুলবুলের ক্ষয়ক্ষতি রোধে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে হাইমচর উপজেলা প্রশাসন। ঘূর্ণিঝড় বুলবুল-এর কারণে জরুরি খবর আদান-প্রদান এবং দুর্যোগ সংক্রান্ত তথ্য জানার লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের নম্বরগুলো হচ্ছে- উপজেলা নির্বাহী অফিসার ০১৭৩০০৬৭০৭৪, ফায়ার সার্ভিস ০১৯৪২১৩৯৮৯৮, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ০১৭১৭৩৬৮৫৯৪ ও উপ-সহকারী প্রকৌশলী ০১৬৮০৫০৪৭২৮।
হাইমচর উপজেলার সরকারি ব্যবস্থাপনায় আশ্রয়ণ কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে। ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে বেড়ি বাঁধের বাইরে থাকা লোকজনদের আশ্রয়ণ কেন্দ্রে আসার জন্য অনুরোধ করা হয়েছে। নদীতে থাকা সব জেলেদের নিরাপদ আশ্রয়ে চলে আসার জন্য এবং মেঘনায় চলাচলকারি যাত্রীবহনকারি ট্রলারসমূহকে নিরাপদে থাকার জন্য মাইকিং করেছে উপজেলা প্রশাসন। অপরদিকে হাইমচর ফায়ার সার্ভিস ইনচার্জ আমির হোসেনের নেতৃত্বে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে সকাল থেকে সাইরেন বাজিয়ে মহড়া দিতে দেখা গেছে।
গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী ও উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসি বেগমের নেতৃত্বে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মকর্তাসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ বিভিন্ন আশ্রায়ন কেন্দ্রগুলো পরিদর্শন করেন। নদীর পাড় সংলগ্ন লোকজনদের মাঝে জনসচেতনামূলক কার্যক্রম পরিচালনা করেন।
এসময় উপস্থিত ছিলেন হাইমচর থানার অফিসার ইনচার্জ মো. জহিরুল ইসলাম খাঁন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আমিনুর রশিদ, ফায়ার সার্ভিস ইনচার্জ জিএম আমির হোসেনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী বলেন, ঘূর্ণিঝড় বুলবুলের ক্ষয়ক্ষতি রোধে উপজেলার আশ্রয়ন কেন্দ্র, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে দুর্গত মানুষের আশ্রয়ের জন্যে প্রস্তুত রাখা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সব কমিউনিটি ক্লিনিককে দুর্গত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য প্রস্তুতি রাখা হয়েছে। উপজেলার সব মুদি দোকান, বেকারি ও খাবার হোটেলগুলোকে শুকনো খাবার মজুদ রাখার জন্য অনুরোধ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসি বেগম জানান, উপজেলা প্রশাসনের পক্ষ হতে ত্রাণসামগ্রী, শুকনো খাবার ও দুর্গত মানুষের সেবার জন্যে সবধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমরা আশা করি ঘূর্ণিঝড় বুলবুল যদি আঘাত হানে আমরা তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত জনসাধারণের সেবা দিতে পারবো।
