
মতলব উত্তর ব্যুরো
চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার হিসেবে নির্বাচিত হয়েছে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাছির উদ্দিন মৃধা। পাশাপাশি মতলব উত্তর উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. গিয়াস উদ্দিন চৌধুরী। গত ২৩ ডিসেম্বর চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক তাদের হাতে শ্রেষ্ঠত্বের পুরস্কার (ক্রেস্ট) তুলে দেন। এসময় চাঁদপুরের পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার ওসি মো. নাসির উদ্দিন মৃধা বলেন, আমি মতলব উত্তর থানায় যোগদান করার পর সবাইকে নিয়ে কমিউনিটি পুলিশিং কার্যক্রম নতুন করে শুরু করি। যারা কমিউনিটি পুলিশিং কমিটিতে আছেন এবং মতলব উত্তর উপজেলার সচেতন মহল সবাই ভাল কাজ করেছেন। তাই আমি ও সভাপতি পুরো বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হতে পেরেছি। তিনি আরও বলেন, আমি সবার সহযোগিতায় মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও সন্ত্রাস-জঙ্গিমুক্ত উপজেলা গড়তে চাই। আশা করি সবাই মতলব উত্তর থানা পুলিশের পাশে থাকবেন।
শ্রেষ্ঠ মতলব উত্তর উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মো. গিয়াস উদ্দিন চৌধুরী বলেন, আমি আজ অত্যন্ত আনন্দিত। চট্টগ্রাম বিভাগের মধ্যে আমি শ্রেষ্ঠ হিসেবে ক্রেস্ট পেয়েছি। এ পাওনা আমার একার নয়, পুরো উপজেলাবাসীরও। কারণ সকলে মিলে আমাকে এ পদে নির্বাচিত করেছেন বলেই আজ আমি সম্মানিত হয়েছি। আমি সকল ইউনিয়ন ও ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দকে বিশেষ ধন্যবাদ জানাই।
