মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুনঃ মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর উদ্যোগে চট্রগ্রাম কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের ৬২তম পবিত্র ফাতেহা-এ এয়াজদাহুম শীর্ষক আলোচনা সভা ও মিলাদ মাহফিল সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২১জানুয়ারি) অনুষ্ঠিত মাহফিলে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মহান মোর্শেদ আওলাদে রাসূল হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ্ আহমদী মাদ্দাজিল্লুহুল আলী।
আল্লাহ্পাক গাউছিয়্যতের ধারাবাহিকতা কেয়ামত পর্যন্ত বজায় রাখবেন উল্লেখ করে উপস্থিত হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানের উদ্দেশ্যে প্রধান অথিতি বলেছেন, মহান আল্লাহ তাঁর সমগ্র সৃষ্টিজগতকে আভ্যন্তরীণভাবে সুচারুরূপে পরিচালনায় তাঁর বিশেষ নিয়ামত হিসাবে গাউছিয়্যতের ধারাবাহিকতা কেয়ামত পর্যন্ত বজায় রাখবেন। এরই ধারাবাহিকতায় যুগে যুগে পৃথিবীতে গাউছুল আজমের আগমনের ধারা অব্যাহত থাকবে। গাউছিয়্যতের শীর্ষ এই পদে বর্তমানে আসীন কাগতিয়া দরবারের প্রতিষ্ঠাতা গাউছুল আজম এমন এক যুগশ্রেষ্ঠ মনীষী, যিনি মুসলিম মিল্লাতকে শরীয়তের ক্ষেত্রে আত্মমর্যাদা ও সতকর্তার শিক্ষা এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় পরম মানবতা ও বিনয়ের দীক্ষা দিয়ে যাচ্ছেন।
মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর উদ্যোগে পবিত্র ফাতেহা-এ এয়াজদাহুম উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিল বাদে জোহর খতমে কোরআন, পবিত্র ফাতেহা-এ এয়াজদাহুম শীর্ষক আলোচনা সভা, বাদে আছর ফয়েজে কোরআনের মাধ্যমে নূরে কোরআন বিতরণ, বাদে মাগরিব রাসুল (দঃ) এর সুন্নাত তরিক্বায় বায়আতের নির্দিষ্ট ছবক প্রাপ্ত তরিক্বতপন্থীদেরকে বায়আত প্রদান ও তাওয়াজ্জুহ্র মাধ্যমে রাসুল (দঃ) এর বাতেনী নূর বিতরণ এবং বাদে এশা মোর্শেদে আজমের তকরির, মিলাদ-ক্বিয়াম ও আখেরী মুনাজাত।
প্রতি বছরের ন্যায় এ বছরও এসব কর্মসূচীতে অংশগ্রহণের উদ্দেশ্যে দুপুর থেকেই দেশের দূর-দূরান্ত থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান দরবার শরীফে আসতে থাকে।
বেলা বাড়ার সাথে সাথে আছরের পূর্বেই মাহফিলস্থল দরবার শরীফস্থ গাউছুল আজম জামে মসজিদ প্রাঙ্গনসহ এর আশেপাশের এলাকা লোকে লোকারন্য হয়ে জনসমুদ্রে রূপ নেয়।
আলোচনা সভা ও মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের ওলামা পরিষদের সচিব মুফতি মুহাম্মদ ইব্রাহিম হানফি, উপাধ্যক্ষ আল্ল¬ামা মুহাম্মদ বদিউল আলম আহমদী, মুফতি কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকি, আল্ল¬ামা মুহাম্মদ আশেকুর রহমান ও মাওলানা মুহাম্মদ শাহজাহান নোমান প্রমুখ।
প্রধান আলোচক ছিলেন সংগঠনের মহাসচিব অধ্যাপক মুহাম্মদ ফোরকান মিয়া। মাহফিল শেষে হুজুর ক্বেবলা দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং দরবারের প্রতিষ্ঠাতা কাগতিয়ার গাউছুল আজমের আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন।
