মাদক, বাল্যবিবাহ ও জঙ্গিবাদ বিরোধী ফুটবল টুর্নামেন্টে
স্টাফ রিপোর্টার :
‘আমরা মাদক, বাল্যবিবাহ ও জঙ্গিবাদমুক্ত সমাজ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ’ এ শ্লোগানে চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে পুরাণবাজারে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ফরিদগঞ্জ পৌরসভা। গতকাল শনিবার বিকেলে মধুসুদন হাই স্কুল মাঠে ফরিদগঞ্জ পৌরসভা ও চাঁদপুর পৌরসভার মধ্যকার খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় ট্রাইবেকারে ফরিদগঞ্জ পৌরসভা ৫-৪ গোলে জয়ী হয়। খেলার নির্ধারিত সময় ১-১ গোলে ড্র হওয়ায় ফলাফল নির্ধারণে সরাসরি ট্রাইবেকার অনুষ্ঠিত হয়। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল এ কে এম শহীদুল হক বিপিএম, পিপিএম।
তিনি তার বক্তব্যে বলেন, খেলোয়াড় ও স্কুল শিক্ষার্থীদের মাঝে মাদক, বাল্যবিবাহ ও জঙ্গিবাদ বিরোধী জনমত তৈরী করার ক্ষেত্রে যে প্রক্রিয়া শুরু হয়েছে। তা খুবই প্রশংসনীয়। এ কাজে পুলিশ সুপারকে যারা সহযোগিতা করেছেন তাদের আমি ধন্যবাদ জানাই। আমরা খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকা-ের মাধ্যমে এভাবেই জাতিকে সচেতন করতে চাই। আমাদের যেসব সামাজিক সমস্যাগুলো রয়েছে, সেগুলোকে মুক্ত করে সুন্দর ও সমাজ ব্যবস্থা চালু করতে চাই। তিনি চমৎকার ডিসপ্লে আয়োজনের মধ্য দিয়ে ফুটবল টুর্নামেন্ট করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ড. এমএম মনির-উজ-জামান, পুলিশ হেডকোয়ার্টাসের ডিআইজি (এ্যাডমিনিস্ট্রেশন এন্ড ডিসিপ্লিন) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন পিপিএম। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনুস উল্লাহ। বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবীসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলার শুরুতে প্রধান অতিথির সম্মানে স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করা হয়। এরপর অতিথিবৃন্দ খেলোয়াড়দের সাথে পরিচিত হন এবং খেলোয়াড়দের শপথ বাক্য পাঠ করান পুলিশ সুপার।
ফরিদগঞ্জ পৌরসভার খেলোয়াড়রা হচ্ছে- হৃদয় দাস, জাহিদ সৈকত, আহাদ হোসেন, শরীফুল ইসলাম, ফিরোজ, জাহিদুল, মাহবুব আলম, প্রসনজিৎ, বর্মন, আল-আমিন, মূসা খলিল, জহির, প্রসনজিৎ চন্দ্র সরকার। টিম ম্যানেজার পৌর মেয়র মাহফুজুর হক।
চাঁদপুর পৌরসভার খেলোয়াড়রা হচ্ছে- হিসাম, শাহ আলম, রাজু, শাকিব, রোহান, রক্সি, লিঙ্কন, শামিম, সায়েন, সুমন, সাব্বির। কোচঃ ইউসুফ বকাউল ও টিম ম্যানেজারঃ কাউন্সিলর মালেক বেপারী।
