স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার মেঘনা নদীর পশ্চিমে চরগুলো থেকে গত কয়েকবছর স্থানীয় একটি চক্রের সহযোগিতায় অবৈধভাবে মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করছে দুর্বৃত্তরা। এক সময় শ্রমিক দিয়ে মাটি কাটা হলেও এখন আর তা করছে না। এখন ভেকু মেশিন (মাটি কাটার যন্ত্র) দিয়ে বিশাল আকারে গর্ত করে মাটি কেটে নিয়ে যাচ্ছে।
অবৈধভাবে মাটি কেটে বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে রোববার (১১ এপ্রিল) বিকেলে চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তিনি সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের হিন্দুলি চরে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ১টি মামলায় ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।
স্থানীয় সচেতন লোকজন জানায়, বিভিন্ন প্রজেক্টের নাম দিয়ে এক শ্রেণির লোকজন প্রভাব খাটিয়ে চরের মাটিগুলো অবৈধভাবে বিভিন্ন ইটাভাটায় বিক্রি করে দেয়। হিন্দুলি চরে মোক্তার তালুকদার নামে এক ব্যক্তি মাটি কাটার কারণে জরিমানা করা হয়। এই মাটিকাটা চক্রের সাথে অনেক লোক জড়িত। তাদেরও আইনের আওতায় আনা দরকার।
১২ এপ্রিল, ২০২১।
