চাঁদপুরের নতুন পুলিশ সুপার মাহবুবুর রহমান


স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গার পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান পিপিএম চাঁদপুরের পুলিশ সুপার হিসেবে বদলি হয়ে আসছেন। গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক পরিপত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গত বছরের ১ আগস্ট চাঁদপুর পুলিশ সুপার হিসেবে জিহাদুল কবিরকে নিযুক্ত করা হয়। সম্প্রতি তাকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে।
পাবনা জেলার কৃতী সন্তান মাহবুবুর রহমান ব্যক্তিজীবনে ১ কন্যা ও ১ ছেলের জনক। তার সহধর্মিণী ঢাকায় কর্মরত।
এসপি মাহবুবুর রহমানের কর্মজীবন প্রসঙ্গে জানা যায়, পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম ২০তম বিসিএস (পুলিশ) ক্যাডারে ২০০১ সালে বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন এবং ট্রেনিং করে যশোর জেলা পুলিশে ২০০৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তারপর র‌্যাব-৫ এ রাজশাহীতে যোগদান করেন। সেখানে দায়িত্ব পালন শেষে পুনরায় পুলিশে ফিরে এসে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) পর্যায়ক্রমে সহকারী পুলিশ কমিশনার (এসি) ও অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (এডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন। পরে জাতিসংঘ মিশনে দায়িত্ব পালন করতে আইভেরিকোস্টে যান। মিশন থেকে ফিরে পুলিশের স্পোশল ব্রাঞ্চ (এসবি) তে যোগদান করেন। এসবিতে থাকাবস্থায় তিনি সিটিএসবি ও ইমিগ্রেশন পুলিশে দায়িত্ব পালন করেন। এর তিনি ২৮ সেপ্টেম্বর ২০১৭ থেকে চুয়াডাঙ্গার পুলিশ সুপার হিসেবে পালন করেছেন। এর আগে তিনি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ শাখার (এসবি) ইমিগ্রেশন পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।
চাঁদপুর কবে আসছেন এমন প্রশ্নে তিনি জানান, আগামি রোববার (৮ সেপ্টেম্বর) চাঁদপুর জেলা পুলিশে যোগদানের সম্ভাবনা রয়েছে। তিনি দায়িত্ব পালনে চাঁদপুরবাসীর সহযোগিতা কামনা করেন।

০৩ সেপ্টেম্বর, ২০১৯।