চাঁদপুরের পুলিশ সুপার করোনামুক্ত হয়েছেন

শাহ্ আলম খান
চাঁদপুরের পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান পিপিএম (বার) করোনাভাইরাস (কোভিড -১৯) থেকে মুক্ত হয়েছেন। রোববার (১২ জুলাই) এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার নিজেই।
তিনি ফেসবুকে এক স্ট্যাটাসে উল্লেখ করেন, করোনা পজেটিভ হয়ে আমি গত ৩০ জুন সেন্ট্রাল পুলিশ হসপিটালে ভর্তি হই এবং আজ ১২ জুলাই করোনা নেগেটিভ হওয়ায় রিলিজ লেটার পেয়েছি। তিনি মহান রাব্বুল আলামীনের কাছে শুকরিয়া আদায় করেন।
এসপি পদোন্নতিপ্রাপ্ত চাঁদপুরের অতিরিক্তি পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, এসপি স্যারের রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি ভালো আছেন।
উল্লেখ্য, করোনাকালে পুলিশের এই কর্মকর্তা করোনা সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা তৈরিসহ বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।
গত ৩০ জুন তিনি করোনা আক্রান্ত হয়ে সেন্ট্রাল পুলিশ হসপিটালে ভর্তি হন। পুলিশ সুপার করোনা পজেটিভ রিপোর্ট আসার দু’দিন আগে নমুনা দেন।
পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান পিপিএম ২০তম বিসিএসে পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।

১২ জুলাই, ২০২০।