স্টাফ রিপোর্টার
চাঁদপুরের প্রবীণ সাংবাদিক মিয়া মুহম্মদ আবদুল খালেক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……. রাজেউন)। গত রোববার দিবাগত রাত ১টা ১০ মিনিটে চাঁদপুর শহরের বিষ্ণুদী রোডস্থ নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ৩ মেয়ে ও নাতি-নাতনিসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ২০০৭ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে তার স্ত্রী মৃত্যুবরণ করেন।
সোমবার (৭ ফেব্রুয়ারি) বাদ জোহর বিষ্ণুদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মরহুমের ছাত্র মাও. আবদুর রহমান গাজী। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজার আগে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাবেক সভাপতি কাজী শাহাদাত, বিষ্ণুদী ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও. মোহাম্মদ জসিম উদ্দিন, মরহুমের বড় ছেলে নরুল ইসলাম লিটন।
জানাজায় অংশ নেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ পাটোয়ারী, সাবেক সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, চাঁদপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাড. মো. শাহজাহান মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, মিয়া মুহম্মদ আব্দুল খালেক ছিলেন স্বাধীনতোত্তর চাঁদপুর মহকুমা থেকে প্রথম প্রকাশিত সাপ্তাহিক চাঁদপুর বার্তার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক। পাশাপাশি তিনি ইংরেজি বিষয়ের শিক্ষক হিসেবে বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করতেন। সর্বশেষ তিনি বিষ্ণুদী ইসলামিয়া আলিম মাদ্রাসায় শিক্ষকতা করতেন। এখান থেকে অবসর গ্রহণের পর তিনি গ্রামের বাড়িতেই অবস্থান করতেন এবং বিভিন্ন পত্রিকায় মাঝেমধ্যে লেখালেখি করতেন।
মিয়া মুহম্মদ আব্দুল খালেক ১৯৪৩ সালের ১৩ মার্চ জন্মগ্রহণ করেন। সাংবাদিকতায় তিনি ছিলেন সাহসী ও প্রতিবাদী চরিত্রের অধিকারী। এজন্য বারবার রোষাণলে পড়েন বিভিন্ন মহলের এবং মামলার শিকার হয়ে হুলিয়া মাথায় নিয়ে ঘুরে বেড়ান দেশের বিভিন্ন স্থানে। আশির দশকের শেষ দিকে তাঁর পত্রিকাটির ডিক্লারেশন বাতিল করেন তৎকালীন জেলা প্রশাসক এসএম শামসুল আলম। জীবন সায়াহ্নে তাঁর পাশে অর্থসহ বিভিন্ন সহায়তা নিয়ে এগিয়ে আসে চাঁদপুর প্রেসক্লাব ও প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)। তাঁকে চাঁদপুরের বিভিন্ন পত্রিকা ও সংগঠন সম্মাননা প্রদান করে।
চাঁদপুর প্রেসক্লাবের শোক : চাঁদপুরের প্রবীণ সাংবাদিক ও শিক্ষক, স্বাধীনতোত্তর চাঁদপুর মহকুমা থেকে প্রথম প্রকাশিত সাপ্তাহিক চাঁদপুর বার্তার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মিয়া মুহম্মদ আবদুল খালেকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন ও সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসসহ নেতৃবৃন্দ।
তাঁরা এক শোক বার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
০৮ ফেব্রুয়ারি, ২০২২।

