ধর্ষণের অভিযোগে ভাংগারী ব্যবসায়ী জেলে

স্টাফ রিপোর্টার
পিতা-মাতাকে হত্যার হুমকি দিয়ে পঞ্চম শ্রেণি পড়ুয়া শিশু কন্যাকে ধর্ষণ করার অভিযোগে অভিযুক্ত ভাংগারী ব্যবসায়ী মো. আলী (৩৭) কে আটক করেছে পুলিশ। সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে আটক আলীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। সকালে শিশুর পিতা নুরুল ইসলাম বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা (নং-১৬) দায়ের করেন।
অভিযুক্ত মো. আলী শহরের রহমতপুর আবাসিক এলাকার জামাল শেখের ছেলে। শিশু মেয়েটি চাঁদপুর শহরের ৬নং আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
গত রোববার বিকেলে ভাংগারী ব্যবসায়ী মো. আলীকে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের এসআই মো. ইসমাইল হোসেন আটক করে থানায় নিয়ে আসেন।
জানা যায়, মো. আলী ও মেয়ের পিতা উভয়ই ভাংগারী ব্যবসায়ী। সেই সুবাধে আলীর সাথে মেয়ের পিতার পরিচয়। বিপণীবাগ এলাকায় আলী স্কুল পড়ুয়া মেয়েকে বিয়ে করে ফ্ল্যাট বাসা নিয়ে বসবাস করতো।
শিশু মেয়েটি জানায়, আমি ৬নং আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। আমার পিতা-মাতাকে হত্যার হুমকি দিয়ে আলী আমাকে জোর করে বিয়ে করে। গত ২৪ জানুয়ারি অ্যাড. খোরশেদ আলম এর মাধ্যমে এভিডেবিটে বিয়ে হয়। বিয়ের পর দিন আলী আমার সাথে শারীরিক সম্পর্ক করতে গেলে আমি তাতে বাঁধা প্রদান করি। তখন আলী আমার গলায় চাপ দিয়ে পিতা-মাতাকে হত্যার হুমকি দেয়।
তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর সদর মডেল থানার এসআই মো. ইসমাইল হোসেন জানায়, অভিযুক্ত মো. আলীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

০৮ ফেব্রুয়ারি, ২০২২।