ইলিশ রক্ষায় প্রশাসনকে কঠোর অবস্থান নিতে হবে
…………..নুরুল আলম মিয়াজী

শাহ আলম খান
চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মো. নুরুল আলম মিয়াজী বলেছেন, সরকারের আন্তরিক প্রচেষ্টা ও উদ্যোগের কারণে দেশে ইলিশের উৎপাদন বেড়েছে। ইলিশ সম্পদ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। এ ক্ষেত্রে রাজনৈতিক ও জনপ্রতিনিধিসহ সবার সহযোগিতা প্রয়োজন। সবার প্রচেষ্টা থাকলে জাটকা রক্ষা কর্মসূচি সফল হবে। আপনাদের মাধ্যমে জানতে পেরেছে হাইমচরে সরকারি কর্মকর্তার উপর জেলেদের হামলা হয়েছে, এটি খুবই দুঃখজনক। কারণ সরকারি কর্মকর্তার উপর হামলা মানে সরকারের উপর হামলা করা। আমি বিভাগীয় কমিশনারের প্রতিনিধি হিসেবে আপনাদের বলবো- এ বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করুন।
গতকাল রোববার সকাল সাড়ে ১১টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সরকার জাটকা রক্ষায় যে অভিযান দিয়েছে এসব অভিযানে যাওয়ার আগে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে। সমন্বয় করে কাজটি করতে হবে। কারণ যে কোন অভিযানে যাওয়ার আগে নিজেদের সক্ষমতার বিষয়টিও খেয়াল রাখতে হবে।
নুরুল আলম মিয়াজী বলেন, মাসিক আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাগুলো খুবই জরুরি। এসব সভায় সংশ্লিষ্ট কোন কর্মকর্তা অনপুস্থিত থাকতে পারবে না। কারণ এই সভা কোনো ব্যক্তির জন্য নয়, জেলার সব উন্নয়ন ও নিরাপত্তার বিষয় এসব সভা জড়িত। কোন কর্মকর্তা ৩ বারের বেশি সময় সভায় উপস্থিত না থাকলে তাদের বিষয়ে চিঠি দিয়ে আমাদের জানাবেন।
তিনি বলেন, চাঁদপুর একটি ঐতিহ্যবাহী জেলা। এখানে শিক্ষিত জনগোষ্ঠীর বসবাস। রাজনীতি ও প্রশাসনে লিডিং পর্যায়ের ব্যাক্তিবর্গ রয়েছেন। চাঁদপুর জেলা শতভাগ টিকাদান কর্মসূচি পালন করেছে। বিভাগের অন্য জেলায় যা করতে পারেনি। চাঁদপুর জেলায় প্রায় ৪০-৪২টি সাংস্কৃতিক সংগঠন রয়েছে, তাদের সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে।
নুরুল আলম মিয়াজী বলেন, জাতির পিতার জন্ম শতবার্ষিকী উপলক্ষে আগে ও পরে জেলা এবং উপজেলা পর্যায়ে সমন্বয় করতে হবে। যাতে করে মুজিববর্ষ শতভাগ পালন করা যায়। শিক্ষা প্রতিষ্ঠানসহ সব স্থানেই যেন মুজিববর্ষ সঠিকভাবে পালন করা হয়। ওইদিন ৪০-৫০ হাজার মানুষের সমাগম হবে। সব কর্মসূচিতে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
সিভিল সার্জনের উদ্দেশে তিনি বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় আগ থেকে সতর্ক অবস্থান নিতে হবে। আপনাদের পক্ষ থেকে সক প্রস্তুতি নিয়ে রাখবেন। আমাদের এখানে এখনো কারো এই রোগ সনাক্ত হয়নি। এছাড়া ইউএনওদের বলছি, আপনারা করোনা ভাইরাস বিষয়ে সভা করবেন এবং সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সচেতন করবেন। যারা অসুস্থ হয় কিংবা সর্দি, কাশি ও জ্বর হয় তারা যেন মাস্ক পড়ে থাকে। এই বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি কাজ শুরু করতে পারেন। ইতোমধ্যে এই বিষয়ে কুমিল্লা জেলায় কাজ শুরু হয়ে হয়েছে। আপনাদের লক্ষ্য রাখতে হবে সরকার কি বলছে, সরকারের পক্ষ থেকে বলার পরেই আপনাদের কাজ শুরু করতে হবে। কেউ বসে থাকতে পারবেন না। কারণ এ ধরনের রোগে আক্রান্ত হলে কেউ’ইতো রক্ষা পাবেন না।
১৭ মার্চ জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী মুজিববর্ষ পালনের ক্ষেত্রে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম নিরাপত্তার অভাব রয়েছে বলে সভায় বক্তব্য উত্থাপন করলে তার বক্তব্যের প্রেক্ষিতে অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, জাতির পিতার জন্ম শতবার্ষিকী হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ অনুষ্ঠান এবং সরকার এই অনুষ্ঠানকে অনেক গুরুত্ব দিচ্ছে। ফরিদগঞ্জ উপজেলায় এ ধরনের অনুষ্ঠানে কারো হটকারিতা করা যাবে না। পুলিশ-র্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে হবে।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামাল হোসেনের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, এনএসআই’র যুগ্ম-পরিচালক মো. আজিজুল হক, মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ কুদ্দুস।
সভায় সরকারি দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
