চাঁদপুর সরকারি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

বঙ্গবন্ধু বলেছেন শিক্ষার চাইতে বড় বিনিয়োগ আর কিছু হতে পারে না
…………..শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি


স্টাফ রিপোর্টার
চাঁদপুর সরকারি মহিলা মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২০ এর পুরস্কার প্রদান অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
শিক্ষামন্ত্রী বক্তব্যে বলেন, শিক্ষা নিয়ে আমাদের স্বপ্নগুলো পূরণ করতে হলে, আমাদের সবচাইতে বেশি বিনিয়োগ করতে হবে শিক্ষায়। এই বিষয়ে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, শিক্ষার চাইতে বড় বিনিয়োগ আর কিছু হতে পারে না। শিক্ষায় আমাদের জিডিপি’র অন্ততপক্ষে ৪ ভাগ বিনিয়োগ করার প্রয়োজন তিনি বলেছিলেন। এখনো আমরা তা থেকে পিছিয়ে আছি। আমরা চেষ্টা করছি সেখানে পৌঁছাতে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা এখন শিক্ষায় ব্যাপক বিনিয়োগ করছি। শিক্ষায় আমরা অনেক পরিবর্তন এনেছি। আমরা বলছি, ২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত ১০ বছর সবাইকে শিক্ষার আওতায় আনার চেষ্টা করেছি এবং খুব সাফল্যের সঙ্গে তা অর্জন করতে সক্ষম হয়েছি। সেই সফলতার মধ্যে দাঁড়িয়ে ২০১৮ সালের নির্বাচনে আমরা অঙ্গীকার করেছি, সর্বস্তরে প্রাক প্রাথমিক থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত সর্বস্তরে আমরা শিক্ষার মানোন্নয়ন করবো।
ডা. দীপু মনি বলেন, শিক্ষাকে আমরা বিশ^ মানে নিয়ে যাব। আমরা বিশ^ নাগরিক হবো। তাহলে আমাদের শিক্ষাকেও বিশ^ মানে নিয়ে যেতে হবে। সেই বিশ^মানের চিত্রটা কেমন হবে। চিত্রটা হবে যখন আমাদের শিক্ষার্থীরা তারা তাদের প্রয়োজনীয় জ্ঞান অর্জন করতে পারবে, প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারবে, তারা সঠিক মনোভাব নিয়ে বড় হবে। এই দক্ষতা কি? আমাদের সমস্যা মোকাবেলা করতে, অন্যের সাথে যোগাযোগ ও সহমর্মিতা শিখতে হবে। আমাদের মধ্যে দেশপ্রেম, মানবিকতাবোধ, সততা ও নিষ্ঠা থাকতে হবে। তাহলেই আমাদের দক্ষতা অর্জনের সুযোগ তৈরী হবে।
পবিত্র কোরআন তিলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান সহ কলেজের শিক্ষক, অভিভাবক, সুধী ও শিক্ষার্থীবৃন্দ।
সবশেষে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী। এছাড়া প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের সাথে নিয়ে কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীরা ফটোসেশনে অংশগ্রহণ করেন।