স্টাফ রিপোর্টার
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ফাতেমা (৪০) নামের এক গৃহবধূ মারা গেছেন। শুক্রবার (১ মে) রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। তার বাসা চাঁদপুর শহরের মাদ্রাসা রোড এলাকায়। ফাতেমার স্বামীর নাম জাহাঙ্গীর।
হাসপাতাল সূত্রে জানা যায়, এই রোগী শুক্রবার রাত ৮টার দিকে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে সদর হাসপাতালে আসেন। তখনই তার অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি দেন। ভর্তির দেড় ঘণ্টার মাথায় তিনি মারা যায়।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আরএমও ও করোনা বিষয়ক ফোকালপার্সন ডা. সুজাউদ্দৌলা রুবেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মৃতের নমুনা সংগ্রহ করা হয়েছে করোনা টেস্টের জন্য। রিপোর্ট আসলে জানা যাবে মৃত নারী করোনায় আক্রান্ত ছিলেন কিনা। তবে তার মধ্যে করোনার উপসর্গ বিদ্যমান ছিল।
০২ মে, ২০২০।
