
স্টাফ রিপোর্টার
চাঁদপুরে পুলিশের অভিযানে বাবুরহাট একাদশ ক্লাব থেকে আটক ৯ জুয়াড়ীর মধ্যে ৭ জুয়াড়ীকে ৩ দিন করে কারাদ- এবং ২ জুয়াড়ীকে অসুস্থ্য থাকার কারণে জরিমানা করে ছেড়ে দিয়েছে আদালত। গতকাল রোববার বিকেলে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. নূরে আলম এই রায় দেন।
জামিনপ্রাপ্তরা হলেন- চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও কমিউনিটি পুলিশিং অঞ্চল-১৪ এর সাধারণ সম্পাদক সুকমার কর রামু (৫৫) ও শিলন্দিয়া এলাকার ইমদাদুল হক পাটওয়ারী (৫৫)।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি যুবরাজ চন্দ্র দাস (৫০), আশিকাটি ইউনিয়নের মো. আব্দুল মান্নান মাল (৫৪), দক্ষিণ দাসদী গ্রামের ছিদ্দিক মিজি (৫০), শিলন্দিয়া এলাকার সেলিম মিজি (৬০), দক্ষিন দাসদী গ্রামের ইসমাইল শেখ (৫০), দাসদী গ্রামের দুলাল ধর (৫৬) ও হোসেনপুর গ্রামের বশিল সৈয়াল (৬৫)।
এর আগে শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এদের বাবুরহাট একাদশ ক্লাব থেকে জুয়া খেলা অবস্থায় আটক করে মডেল থানা পুলিশ। গতকাল রোববার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে বাবুরহাট একাদশ ক্লাবে রাতে আধারে প্রতিনিয়তই কয়েক লাখ টাকার এ ধরনের জুয়ার আসর চলে আসছিল। শান্তিপ্রিয় এলাকাবাসী এ জুয়ার আসর থেকে অনেক আগে থেকেই মুক্তি পেতে চেষ্টা করেছে। কিন্তু যারা জুয়ার আসর জমিয়ে থাকে তাদের কারণে এলাকার মানুষ দুর্বিষহ হয়ে উঠেছে। তারা এই এলাকাকে আগে থেকেই মাদক, জুয়া, ইভটিজিং, বাল্য বিয়ে মুক্ত করার জন্য চেষ্টা করে আসছিল। শনিবার রাতে একতা ক্লাবে অভিযান পরিচালিত হওয়ার কারণে বাবুরহাট এলাকার জনসাধারণ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।
চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক মো. লোকমান আটকদের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকদের বিষয়ে যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক জুয়াড়ীদের গতকাল রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। চাঁদপুরের ক্লাবগুলোতে অবৈধ কার্যকলাপ বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
২৩ সেপ্টেম্বর, ২০১৯।
