সংবিধান’ই নারী-পুরুষের সমান অধিকার দিয়েছে
………….নুরুল আলম মিয়াজী

স্টাফ রিপোর্টার
চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মো. নুরুল আলম মিয়াজী বলেছেন, বাংলাদেশের সংবিধানে নারী-পুরুষের সমান অধিকারের কথা বলা হয়েছে। এই নারী নীতিমালা নিয়ে অনেকই অনেক পানি ঘোলা করেছে, কিন্তু আমি বলবো এই নারী নীতিমালায় আপনার ধর্মভিত্তিক এবং অন্যান্য আইনভিত্তিক নারীদের অধিকারের কথাই লেখা হয়েছে। আমাদের দেশে প্রায় সাড়ে ৫ কোটির মত ছাত্র-ছাত্রী রয়েছে, যাদের বিনামূল্যে বই দেয়া হয়। অনেক দেশে এতো জনগণও নেই।
গতকাল রোববার সকালে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’ এ শ্লোগানে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথি আরো বলেন, আগামি মুজিবর্ষকে ও স্বাধীনতার ৫০ বছর পূর্তিকে সামনে রেখে ৮ মার্চ নারী দিবসকে বিশ্লেষণ করে দেখুন। আমরা প্রত্যেক বছর বেগম রোকেয়া দিবস পালন করি। সেটাকে লক্ষ্য করেই বাংলাদেশ সরকার জয়িতা ফাউন্ডেশন গঠন করেছেন। আমরা নির্যাতিতা নারীদের জয়িতা প্রতিযোগীতার মাধ্যমে উপজেলা থেকে শুরু করে জাতীয় পর্যায়ে পুরস্কৃত করছি। সেখানে বিভিন্ন পর্যায়ের নির্যাতিত নারীরাই সমাজে আলোকবর্তিকা হিসেবে তারা এগিয়ে আসছে। এই নারী দিবসের প্রাক্কালে আজ অথবা আগামীকাল এই বিভাগ থেকে একজন জাতীয় ভাবে পুরস্কৃত হতে যাচ্ছে। হয়তবা আরও একজন নাম সেখানে আসারর সম্ভাবনা রয়েছে। এইসব জিনিস বুঝতে হবে। আজকে সরকার সেই পিছিয়ে পরা নারীদের নিয়ে ভাবছেন এবং তাদের জন্যে কাজ করে যাচ্ছেন। নারী শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার উপরও জোর দিচ্ছেন।
সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
চাঁদপুর জেলা মহিলা সংস্থার সভাপতি অধ্যাপিকা মাসুদা নূর খানের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম জাকারিয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নাঈম পাটওয়ারী দুলাল, এনএসআই’র যুগ্ম-পরিচালক মোহাম্মদ আজিজুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জামাল হোসেন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, স্বাধীনতা পদকপ্রাপ্ত ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাফিয়া ইকবাল, চাঁদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা ফাতেমা আক্তার প্রমুখ।
সভায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, সনাক, ব্র্যাক, এডাবসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভার আগে দিবস উপলক্ষে সার্কিট হাউজ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়।
